জাবির জাহিদ
কিশোরগঞ্জ প্রতিনিধি।।
অজ্ঞাত তরুণীকে (২১) ধর্ষণ ও হত্যার ঘটনার দীর্ঘ ২৭ বছর পালিয়েও শেষরক্ষা হয়নি ওয়াহিদুল্লাহ (৬৫) নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামির। আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে তাকে কিশোরগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এর পূর্বে গতকাল রোববার রাতে পাশ্ববর্তী সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার বিন্নারবন্দ ঘাট এলাকা থেকে তাঁকে আটক করে জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি)।
আদালতে সাজা হওয়ার পর থেকে নাম পরিচয় গোপন করে পলাতক ছিলেন কিশোরগঞ্জের এই ব্যক্তি। আটককৃত সাজাপ্রাপ্ত আসামি ওয়াহিদুল্লাহ কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার মৌটুপি গ্রামের মৃত রুপ বাদশাহের ছেলে।
এ বিষয়টি সুনিশ্চিত করেছেন কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) মোহাম্মদ আল আমিন হোসাইন।তিনি জানান, ২০০২ সালের ৯ অক্টোবর আসামি ওয়াহিদুল্লাহকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করে রায় ঘোষণা করেন আদালত। অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করে।
তিনি আরও জানান, ঘটনার পরপর থেকে ওয়াহিদুল্লাহ প্রায় ২৭ বছর যাবৎ পলাতক ছিলেন। পলাতক থাকা অবস্থাতেই আদালত তার সাজার রায় ঘোষণা করেন। গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অবশেষে গতকাল ওয়াহিদুল্লাহকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।





















