।।নিজস্ব প্রতিবেদক।।
চলমান এশিয়ান গেমসে নারী ক্রিকেটে পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক বাংলাদেশ জিতেছে। এশিয়ান গেমসে এই উল্লাসের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে আট বছর। হাংজুর জিজিয়াং বিশ্ববিদ্যালয় ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশের উল্লাস। ২০১৮ জাকার্তা এশিয়ান গেমসে বাংলাদেশ কোনো পদক পায়নি।
বল হাতে এদিন সবাই-ই ছিলেন কার্যকর। ৪ ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট নিয়ে সফলতম বোলার স্বর্ণা আক্তার। ৪ ওভারে ১১ রান দিয়ে ২ উইকেট নেন সানজিদা আক্তার মেঘলা। ৩ ওভারে স্রেফ ২ রান দিয়ে ১ উইকেট নেন মারুফা আক্তার।
লক্ষ্য তাড়া করতে মাঠে নেমে শামিমা আক্তার ও সাথি রানির উদ্বোধনী জুটি থেকে আসে ২৭ রান। ১৬ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে গেলেও শেষ পর্যন্ত দলকে জিতিয়ে মাঠ ছাড়েন স্বর্ণা।
বল হাতে সর্বোচ্চ ৩ উইকেট নেওয়া স্বর্ণা ব্যাট হাতেও করেন সর্বোচ্চ অপরাজিত ১৪ রান।
টাইগ্রেসদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তানের মেয়েরা ৯ উইকেট হারিয়ে ৬৪ রান করে। ১০ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশের মেয়েরা।ফাইনালে ওঠার লড়াইয়ে রোববার ভারতের কাছে হেরে যায় বাংলাদেশ। একই দিন শ্রীলংকার কাছে হেরে ফাইনালে ওঠা হয়নি পাকিস্তানের। কিন্তু ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স উপহার দিয়ে ব্রোঞ্জ পদক নিজেদের করে নেয় বাংলাদেশের মেয়েরা।





















