আজ ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

গণতন্ত্রের পথরেখা নির্ধারণ হবে জনগণের মতামতে: ওবায়দুল কাদের

  • In রাজনীতি
  • পোস্ট টাইমঃ ২৫ সেপ্টেম্বর ২০২৩ @ ০৯:৫১ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৫ সেপ্টেম্বর ২০২৩@০৯:৫১ পূর্বাহ্ণ
গণতন্ত্রের পথরেখা নির্ধারণ হবে জনগণের মতামতে: ওবায়দুল কাদের

।।বিডিহেডলাইন্স ডেস্ক।।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণের মতামতের উপর ভিত্তি করেই দেশের গণতন্ত্রের পথরেখা নির্ধারিত হবে। তিনি বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্ত করার যে কোনো ধরনের অপতৎপরতাকে প্রতিহত করবে দেশের জনগণ। রবিবার সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে এক বিবৃতিতে তিনি একথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তার দল গণতান্ত্রিক চেতনা ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। তিনি বলেন, ‘আমরা একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রতি দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ। আওয়ামী লীগ জনগণের উপর আস্থা রেখেই সরকার পরিচালনা করে আসছে। জনগণই আওয়ামী লীগের একমাত্র শক্তি।’

সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ কোনো ভিসানীতির প্রয়োগ বা নিষেধাজ্ঞার পরোয়া করে না। আওয়ামী লীগ পরোয়া করে দেশের জনগণকে। কোনো দেশের ভিসানীতি বাংলাদেশের নির্বাচন ও গণতন্ত্রে কোনো প্রভাব রাখতে পারবে না।

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি রাজনীতি করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের। দলটির নেতাদের আন্দোলনে নয় প্রধানমন্ত্রীর মানবিকতায় খালেদা জিয়া দন্ডপ্রাপ্ত হয়েও নিজের পছন্দমতো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে দাবি করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ‘এজন্য বিএনপি নেতাদের প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। কিন্তু বিএনপি তা না করে মিথ্যাচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে, একইসাথে এই বিষয়টি নিয়ে রাজনীতি করতে গিয়ে আইনবিরোধী কথাবার্তা বলছে। গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির প্রতি শ্রদ্ধা না রেখে গায়ের জোরে ফ্যাসিস্ট কায়দায় দাবী আদায়ের জন্য তারা রাষ্ট্রযন্ত্রকে অকার্যকর করার অপচেষ্টা চালাচ্ছে।’

বিএনপি নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ষড়যন্ত্রের পথ পরিহার করে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করুন এবং রাজনৈতিক সংকট সৃষ্টির পাঁয়তারা থেকে সরে আসুন। জাতিকে বিভক্ত করার দুরভিসন্ধি থেকে বিএনপিকে বেরিয়ে আসতে হবে। তা না হলে এদেশের জনগণের গণতান্ত্রিক চেতনা ও সংস্কৃতিকে বিনষ্ট করার দায় তাদের নিতে হবে। নির্বাচনের মাধ্যমে জনগণ যাদের ভোট দেবে তারাই রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হবে। নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা করলে যে কোনো উপায়ে তা প্রতিহত করা হবে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ