নির্ঝর রায়
খুলনা ব্যুরো।।
খুলনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক দলীয় কার্যালয়ের সামনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে আজ রবিবার (২৪ সেপ্টেম্বর) বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
খুলনা মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।
প্রধান অথিতির বক্তব্যে আজিজুল বারী হেলাল বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ক্রমশই অবনতি হচ্ছে,উন্নত চিকিৎসার জন্য অচিরেই তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া প্রয়োজন। তিনি আরো জানান বর্তমান সরকার বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য তাকে বিদেশে প্রেরণ করতে এবং মুক্তি দিতে ভয় পাচ্ছে।
প্রধান বক্তার বক্তব্যে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেন- সাধারণ জনগণসহ বর্তমানে তরুণ প্রজন্ম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে সমর্থন করছে। আগামীতে বিএনপি আবারও ক্ষমতায় আসবে। তিনি ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলসহ মূলদলের সকল নেতাকর্মীকে বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত মাঠে থেকে সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানান।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খুলনা জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান,খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন,এবং খুলনা জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি।
উক্ত সমাবেশে খুলনা মহানগর ও জেলা মহিলা দলসহ উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীবৃন্দ ও সহযোগী সংগঠন সমূহ অংশগ্রহণ করেন।






















