জাবির জাহিদ
কিশোরগঞ্জ প্রতিনিধি।।
কিশোরগঞ্জে জেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছে সংগঠনের একাংশের নেতাকর্মীরা। শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পড়ে শুনান, কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান নয়ন।
সংবাদ সম্মেলনে বলা হয়, বর্তমান মেয়াদোত্তীর্ণ জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক দীর্ঘ ৩ বছর ৭ মাস ১৩ দিনেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি। কেন্দ্রিয় কমিটির নির্দেশনা না মেনে তারা অছাত্র, বিবাহিত, মাদকাসক্ত ও বিএনপি-জামায়াতের সাথে সম্পৃক্ত ব্যক্তিদের অন্তর্ভূক্ত করে বিভিন্ন উপজেলা ইউনিটের কমিটি অনুমোদন দেন।
তাড়াইল উপজেলা ছাত্রলীগের সভাপতি ইসমাইল সিরাজী কিছুদিন আগে যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুর পর তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে শোক ও বেদনা প্রকাশ করে পোস্ট দিলেও তার বিরুদ্ধে কোন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে টেন্ডাবাজি, চাঁদাবাজি, মাদক ব্যবসা, নারী কেলেঙ্কারিসহ নানা অভিযোগ করা হয় সংবাদ সম্মেলন থেকে।অবিলম্বে মেয়াদ উত্তীর্ণ কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি বাতিল করে নতুন কমিটি অনুমোদন দেওয়ার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি আহ্বান জানানো হয়।পরে একই দাবিতে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। এটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবারও দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
অবিলম্বে কমিটি বাতিল করা না হলে কঠোর আন্দোলন কর্মসূচির ঘোষণা দেন ছাত্রলীগ নেতারা।এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক তানিম ইসলাম, সাবেক ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম রতন। জেলা ছাত্রলীগের ৩০ জন সাবেক নেতা সংবাদ সম্মেলনে দেয়া লিখিত বক্তব্যে সাক্ষর করেন।
কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন মোল্লা সুমন জানান, কমিটি পাওয়ার এক মাস পর থেকে করোনার জন্য সকল কার্যক্রম প্রায় দুই বছর বন্ধ ছিল তাই এই কমিটিকে মেয়াদ উত্তীর্ণ বলা যাবে না। বিভিন্ন উপজেলার কমিটি নিয়ে যে অভিযোগ করা হয়েছে তা প্রমাণ করতে পরালে ব্যবস্থা নেয়া হবে। বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক কমিটিতে থেকেও ওই সংবাদ সম্মেলনে অংশ নিয়েছে এই বিষয়টি কেন্দ্রে জানানো হবে।





















