।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।
কানাডার নাগরিক শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকান্ডে ভারতকে অভিযুক্ত করার প্রসঙ্গে কানাডার অবস্থান স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মঙ্গলবার তিনি সাংবাদিকদের বলেছেন, ভারতকে উসকানি দেওয়ার কোনো অভিপ্রায় তার সরকারের নেই। তিনি কেবল চাইছেন, ভারত এই হত্যাকাণ্ডকে গুরুত্ব দিয়ে বিবেচনা করুক এবং কানাডাকে সহায়তা করুক।
ট্রুডো বলেন, আমরা চাই ভারতের সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি বিবেচনা করুক। আমরা কেবল উত্তর চাই কাউকে উসকানি দেওয়া কিংবা উত্তেজনা সৃষ্টি করার কোনো ইচ্ছে আমাদের নেই।
গত ১৮ জুন কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে একটি শিখ উপাসনালয়ের কাছে দুই মুখোশধারীর গুলিতে নিহত হন হরদীপ। ভারতের কাছে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী ছিলেন তিনি। নিজ্জার ভারতের অন্যতম বিচ্ছিন্নতাবাদী সংগঠন খালিস্তানি টাইগার ফোর্স এবং ‘শিখস ফর জাস্টিস’ কানাডা শাখার নেতা ছিলেন তিনি। দু’টি সংগঠনই ভারতে নিষিদ্ধ। হরদীপকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করাতে আগ্রহী ছিল ভারত।
এই হত্যাকাণ্ডের জন্য ভারতকে সরাসরি দায়ী করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সোমবার কানাডার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে ট্রুডো বলেন, তার দেশের গোয়েন্দারা হরদীপ হত্যায় ভারত সরকারের সংশ্লিষ্টতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেয়েছেন।
তবে ট্রুডোর অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে ভারত। মঙ্গলবার এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, ‘কানাডা সরকারের এই অভিযোগ অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত। ভারত বরারবর আইনের শাসনে প্রতি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ একটি গণতান্ত্রিক রাষ্ট্র।’






















