অনিক চক্রবর্তী
চুয়াডাঙ্গা প্রতিনিধি।।
চুয়াডাঙ্গায় ক্রেতা-বিক্রেতা ও ভোক্তাদের সাথে সচেতনতা সভা করেছে প্রশাসনের কর্মকর্তারা। সোমবার দুপুরে শহরের নিচের বাজারে ভোক্তা অধিকার, নিরাপদ খাদ্য ব্যবস্থা ও কৃষি বিপণনে শুদ্ধাচার বিষয়ক এ সচেতনতামূলক সভার ব্যবস্থাপনা করে জেলা প্রশাসন।
সভায় ব্যবসায়ী ও ভোক্তারা উন্মুক্ত আলোচনায় অংশ নেন। উভয় পক্ষই নিজেদের বিভিন্ন সমস্যা ও পরামর্শ বিষয়ক বক্তব্য রাখেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, শৃঙ্খলা ছাড়া ব্যবসায়ে উন্নতি যেমন সম্ভব নয়, তেমনি সুন্দর ভাবে বেঁচে থাকাও কঠিন। শৃঙ্খলা আমাদের সকলের হাতে। শৃঙ্খলার মাধ্যমে সবকিছুর সমাধান সম্ভব।
ডিসি আরও বলেন, আমরা সকলেই একজন ভোক্তা। যিনি ব্যবসায়ী তিনিও কিন্তু একজন ভোক্তা। ভোক্তা এবং বিক্রেতাদের মধ্যে যেন কোন ধরনের ভুল বোঝাবোঝি না হয় সেজন্য চার দেয়ালের মধ্যে না থেকে স্পটে চলে এসেছি। আমরা মানুষের কথা জানতে চাই, এজন্য সরেজমিনে এমন আয়োজন করা হয়েছে।
জেলা দোকান মালিক সমিতির সভাপতি আব্দুল কাদের জগলুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সচেতনতা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা, চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) রিয়াজুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূইয়া, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারি পরিচালক মোহা. সজল আহম্মেদ, জেলা কৃষি বিপণন কর্মকর্তা সহিদুল ইসলাম প্রমুখ।
সট- ড. কিসিঞ্জার চাকমা, জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা






















