।।বিনোদন ডেস্ক।।
ভারতের সঙ্গে বাংলাদেশে শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ সিনেমাটি মুক্তি পাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বৃহস্পতিবার ভারতের সঙ্গে বাংলাদেশে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল। ছবিটি মুক্তি পেলে বাংলাদেশে অনন্য নজির সৃষ্টি হতো।
আজ বুধবার রাত সাড়ে ৯টা পর্যন্ত সিনেমাটির সেন্সর প্রদর্শনী হয়নি।
কালের কণ্ঠকে বিষয়টি জানিয়ে সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান সাইফুল্লাহ বলেন, ‘এটি এখনো প্রক্রিয়ার মধ্যে রয়েছে। তাই কবে মুক্তি পাচ্ছে বলা যাচ্ছে না। প্রক্রিয়া শেষ হওয়ার পর সেন্সর প্রদর্শনী করব।’ প্রক্রিয়া কবে শেষ হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের অফিস সাত দিনই।
তাই বিষয়টি নিশ্চিত করে বলা যাবে না। যেহেতু বুধবার সেন্সর প্রদর্শনী হয়নি, সেহেতু সিনেমাটির বৃহস্পতিবারেই সেন্সর প্রদর্শনী করে একই দিনে মুক্তি দেওয়া সম্ভব নয়। যদি সেটা সম্ভব হয় তাহলে বলতে হবে সেটা বিশেষ ও ব্যতিক্রম। যা প্রায় অসম্ভব, এমনটাই মনে করছেন চলচ্চিত্রসংশ্লিষ্ট একজন।
এদিকে সেন্সর বোর্ডের সদস্য অরুণা বিশ্বাস কালের কণ্ঠকে বলেন, “প্রতিটি সিনেমার সেন্সর প্রদর্শনীর জন্য আমরা চিঠি পাই। ‘জওয়ান’ সিনেমার সেন্সর প্রদর্শনীর কোনো চিঠি পাইনি।”
সিনেমাটি বাংলাদেশে আমদানির সঙ্গে যুক্ত অনন্য মামুন জানিয়েছিলেন ভারতের সঙ্গে বাংলাদেশে সিনেমাটি মুক্তি পাবে।





















