।।আদালত প্রতিবেদক।।
নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন মডেল থানায় দায়ের করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন মাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে এ অভিযোগ গঠন করেন। একই সঙ্গে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২০ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। এর মধ্যে দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। অভিযোগ গঠিত হওয়া অপর আসামিরা হলেন- যুবদলের নেতা আজিজুল বারি হেলাল, সাইফুল ইসলাম নিরব, মোয়াজ্জেম হোসেন ওরফে বাবু, কাজী রেজাউল হক বাবু ওরফে জিম বাবু, খন্দকার এনামুল হক এনাম ও জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদ।
এদিন আসামিদের পক্ষে অব্যাহতির আবেদন শুনানি করেন আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার ও জয়নাল আবেদীন মেসবাহ। এছাড়া রাষ্ট্রপক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। আসামিপক্ষের আরেক আইনজীবী হান্নান ভূঁইয়া এসব তথ্য জানিয়েছেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১২ সালের ৯ ডিসেম্বর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিবহন বিভাগের চালক মো. আয়নাল প্রতিদিনের মতো সন্ধ্যা ৭টার দিকে ইস্কাটনের মিন্টো রোড থেকে ময়লা নিয়ে গাড়ি চালিয়ে মাতুয়াইল ল্যান্ডফিলে যাচ্ছিলেন। কাকরাইল থেকে বিজয়নগরের দিকে আসলে মির্জা ফখরুল ইসলাম ও রুহুল কবীর রিজভীর নেতৃত্বে ২০০-২৫০ জন গাড়ি থামিয়ে হেলপারকে মারধর করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। তারা গাড়িও ভাঙচুর করে। এতে ২ লাখ টাকার ক্ষতি হয়। এ ঘটনায় তিনি পল্টন থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির মতিঝিল জোনাল টিমের এসআই আনোয়ার হোসেন ২০১৭ সালের ২৩ অক্টোবর মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কবীর রিজভীসহ নয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্র দাখিলের পর মারা গেছেন শফিউল বারী বাবু।





















