জাবির জাহিদ
কিশোরগঞ্জ প্রতিনিধি ||
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরকাওনা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা আজিজুল হক (২৬) বাহরাইনে গিয়ে ৮ বছর ধরে বেপাত্তা।আজিজুলের সন্ধানের দাবিতে শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ শহরের এক হল রুমে সংবাদ সম্মেলন করেন তার বাবা-মা।
বেপাত্তা আজিজুলের বাবা দুলাল মিয়া জানান, পরিবারের অভাব ঘোচাতে আট বছর আগে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে পরিচ্ছন্নতাকর্মীর কাজ নিয়ে পাড়ি জমান। সেখানে পৌঁছার পর ২২ দিন পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ ছিল তার। এরপর থেকে আর খোঁজ মিলছে না আজিজুলের।
আজিজুল হকের প্রতিবেশী রিপন মিয়া বলেন, আজিজুল নিখোঁজের পর পরিবারের সদস্যদের নিয়ে আদম ব্যবসায়ীদের ঢাকার বনানী অফিসে গিয়ে জানতে চাওয়া হয়। এসময় চুরির দায়ে আজিজুল জেলে আছেন বলে জানান আদম ব্যবসায়ীরা। পরবর্তী সময়ে তাদের দেওয়া তারিখ অনুযায়ী এক বছর পর আবারও যোগাযোগ করা হলে কোনো তথ্য না দিয়ে উল্টো আজিজুলের পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হয়। পরে বিভিন্ন সময় যোগাযোগের চেষ্টা করা হলে তাদের আচরণে পরিবারের সদস্যরা আজিজুলের সন্ধান পাওয়ার বিষয়ে হাল ছেড়ে দেন।
এ বিষয়ে আদম ব্যবসায়ী কামাল উদ্দিন বলেন, যেকোনো ব্যক্তিকে বিদেশে পাঠানোর পর কর্মসংস্থান স্থায়ী হওয়া পর্যন্ত তিন মাস তাদের দায়িত্বে থাকেন। পরবর্তী সময়ে ওই ব্যক্তির বিষয়ে কোনো কিছু তাদের জানা থাকে না। আজিজুল হক বাহরাইনে যাওয়ার পর কর্মসংস্থানে প্রবেশ করেছেন। পরে সেখান থেকে হারিয়ে যাওয়ায় তার আর খোঁজ মিলছে না।
কিশোরগঞ্জ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. আলী আকবর বলেন, আজিজুল হক নিখোঁজ হওয়ার বিষয়ে কোনো তথ্য আমাদের জানানো হয়নি। তারা আবেদন করলে এ বিষয়ে খোঁজ নেওয়া হবে।





















