আইয়ুব আলী
নীলফামারী প্রতিনিধি।।
নীলফামারীর জলঢাকায় টিসিবির পণ্য খোলাবাজারে বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা ও পণ্য জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে ধর্মপাল ইউনিয়নে জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ময়নুল ইসলাম অভিযান পরিচালনা করে এই দণ্ডাদেশ দেন।
অভিযুক্ত ব্যবয়ীরা হলেন, ওই ইউনিয়নের শামসুল ইসলামের ছেলে আরিফ রেজা এবং হুচেন আলীর ছেলে মোস্তাকিম আলম।
স্থানীয়রা জানায়, আরিফের দোকান থেকে ১৪০ লিটার সয়াবিন তেল, ২৭৮ কেজি ডাল এবং ৬৬৯ কেজি চাল জব্দ করা হয়।
অপরদিকে, মোস্তাকিমের দোকান থেকে ১২৮ লিটার সয়াবিন তেল, ৯০৬ কেজি চাল ও ৩০২ কেজি ডাল জব্দ করে ধর্মপাল ইউপি কার্যালয়ে রাখা হয়।
ধর্মপাল ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের জানান, একই পরিবারে একাধিক কার্ড থাকায় অনেকেই টিসিবির পণ্য বেশি দামে বাজারে বিক্রি করে থাকেন। কেউ দলীয়ভাবে আবার কেউ চেয়ারম্যান-মেম্বারের কাছ থেকে পেয়েছেন। সেগুলো আমরা আটক করেছি।
জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলাম জানান, আইন ভঙ্গ করার দায়ে দুই জন ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা ও পণ্যগুলো জব্দ করা হয়েছে। এসব পণ্য শুক্রবার (০১ সেপ্টেম্বর) আশ্রয়ণ প্রকল্পের সদস্য ও গরিব মানুষের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।






















