।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।
অস্ট্রেলিয়ার বড় দুইটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) প্লান্টের কর্মীরা আগামী সাত সেপ্টেম্বর থেকে ধর্মঘটে যাওয়ার ঘোষণা দিয়েছেন। মার্কিন এনার্জি জায়ান্ট শেভরন পরিচালিত প্লান্ট দুটি ধর্মঘটে গেলে বিশ্বজুড়ে জ্বালানির দাম বাড়তে পারে।
শেভরন বলেছে, স্থাপনায় বিঘ্নের পরও আমরা নিরাপদ ও নির্ভরযোগ্য কার্যক্রম বজায় রাখতে পদক্ষেপ নেয়া অব্যাহত রাখবো।
অস্ট্রেলিয়ার হুইটস্টোন এবং গরগন এলাকার প্লান্ট দুটি থেকে বিশ্বের মোট এলএনজির পাঁচ শতাংশ উৎপাদন হয়। ধর্মঘটের আশঙ্কায় সম্প্রতি ইউরোপে গ্যাসের পাইকারি দর বেড়েছে।
মঙ্গলবার শেভরনের এক বিবৃতিতে বলা হয়েছে, যদিও আমরা বিশ্বাস করি না যে, চুক্তিতে পৌঁছানোর জন্য শিল্প সংক্রান্ত পদক্ষেপ প্রয়োজন, তারপরও স্বীকার করি যে কর্মীদের সুরক্ষিত শিল্প সংক্রান্ত পদক্ষেপ নেওয়ার অধিকার রয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, কর্মচারী এবং কোম্পানি উভয়ের স্বার্থে ফলাফল খোঁজার কারণে আমরা দর কষাকষি প্রক্রিয়ার মাধ্যমে কাজ চালিয়ে যাব।
অস্ট্রেলিয়ায় শেভরন এবং আরও একটি প্লান্ট থেকে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় গত সপ্তাহে ইউরোপে গ্যাসের পাইকারি দর বেড়ে যায়। ওই আরেকটি প্লান্ট পরিচালনা করে উডসাইড এনার্জি।
বৃহস্পতিবার উডসাইড জানায় নর্থ ওয়েস্ট সেল্ফ প্লান্টের কর্মীদের সঙ্গে নীতিগত চুক্তিতে পৌঁছাতে সক্ষম হয়েছেন তারা। উডসাইড এবং শেভরন মিলে বিশ্বের প্রায় ১০ শতাংশ এলএনজি উৎপাদন করে।





















