।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।
ফ্রান্সের রাজ্য সরকার পরিচালিত স্কুলগুলোতে আবায়া পরা নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন দেশটির শিক্ষামন্ত্রী। লম্বা-ঢিলেঢালা এই পোশাক বহু মুসলিম নারী পরে থাকেন। আগামী ৪ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া শিক্ষাবর্ষ থেকে নতুন নিয়ম চালু হবে।
সরকারি স্কুল এবং সরকারি ভবনে ধর্মীয় প্রতীক ব্যবহারের বিরুদ্ধে ফ্রান্সের অবস্থান কঠোর। তাদের যুক্তি এসব প্রতীক তাদের অসাম্প্রদায়িক আইন ভঙ্গ করছে। সরকারি স্কুলগুলোতে ২০০৪ সাল থেকে হিজাব পরা নিষিদ্ধ।
ফ্রান্সের শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল আত্তাল বলেন, ‘একটি শ্রেণীকক্ষে প্রবেশ করে কেবল একবার তাকিয়ে ছাত্রদের ধর্ম শনাক্ত করা সম্ভব হবে না। আমি সিদ্ধান্ত নিয়েছি স্কুলে আর আবায়া পরা হবে না।’ স্কুলে আবায়া পরা নিয়ে ফ্রান্সে অনেক দিন ধরে বিতর্ক চলছে।
ফ্রান্সের স্কুলগুলোতে আবায়া পরা শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। এনিয়ে রাজনৈতিক বিতর্ক চলছে। ডানপন্থী দলগুলো এই পোশাক নিষিদ্ধের জন্য চাপ দিচ্ছে আর বামপন্থী দলগুলো মুসলিম নারীদের অধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
২০১০ সালে ফ্রান্স সম্পূর্ণ মুখ ঢাকা পর্দা পরা নিষিদ্ধ করে। দেশটির ৫০ লাখের মুসলিম জনগোষ্ঠী এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়।





















