।।নেত্রকোনা প্রতিনিধি।।
শ্বাসকষ্টে গুরুতর অসুস্থ একটি গরু (ষাঁড় বাছুর) নিয়ে এসে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে আড়াই ঘণ্টা বসে থেকেও চিকিৎসক পাননি এক কৃষক। অথচ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তার কক্ষেই বসে ছিলেন। বার বার বলার পরও ডাক্তার না আসায় অবশেষে চিকিৎসকের অবহেলার কারণে কৃষকের ওই গরুটির মৃত্যুর হয় বলে অভিযোগ উঠেছে।

রবিবার (২৭ আগস্ট) বিকেলে এ ঘটনাটি ঘটে। মারা যাওয়া গরুটির মালিক কৃষক মাহবুব রহমান। তিনি উপজেলার বলাইশিমুল (মধ্যপাড়া) গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী কৃষক মাহবুব রহমান অভিযোগ করে জানান, রবিবার সকালে হঠাৎ তার তেরো দিন বয়সী ফ্রিজিয়ান জাতের ৫০ হাজার টাকা মূল্যের ওই ষাঁড় বাছরটির শ্বাসকষ্ট দেখা দেয়। পরে তিনি চিকিৎসার জন্য বাছুরটিকে দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নিয়ে যান। প্রাণিসম্পদ কর্মকর্তা তখন তার কক্ষেই অবস্থান করছিলেন। এ সময় অসুস্থ বাছুরটি দেখার জন্য কৃষক মাহবুব ওই কর্মকর্তাকে বার বার বললেও তিনি গুরুত্ব দেননি। এ অবস্থায় বিকেল ৩টা ২০ মিনিটের দিকে বাছুরটির মৃত্যু হয়।
তবে কর্তব্যে অবহেলার বিষয়টি অস্বীকার করেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ভাস্কর চন্দ্র তালুকদার।
তিনি বলেন, আমি সকালে উপজেলার গড়াডোবা ইউনিয়নে একটা মিটিংয়ে চলে গিয়েছিলাম। পরে সেখান থেকে দুপুরে অফিসে এসে আমি অসুস্থ বাছুরটিকে জীবিত অবস্থায় দেখতে পাই এবং মাথায় পানি ঢালার জন্য কৃষককে পরামর্শও দেই। এরইমধ্যে বাছুরটি মারা যায়। এ ঘটনায় বাছুরটির মালিক যা বলছেন তা সত্য নয়।





















