।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।
ভারতের মহাকাশ সংস্থা ইসরো চাঁদের দুর্গম অঞ্চলের একটি ছবি প্রকাশ করেছে। তাদের মহাকাশযান চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম এই ছবিটি তুলেছে। গত বৃহস্পতিবার অভিযানের চূড়ান্ত পর্ব শুরু করা বিক্রম এখন চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের জন্য নিরাপদ জায়গা খোঁজার চেষ্টা করছে।
বিক্রমের পেটে থাকা একটি রোভার আগামী ২৩ আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে। রুশ মহাকাশ সংস্থার লুনা-২৫ মহাকাশযান চাঁদের মাটিতে বিধ্বস্ত হওয়ার পর চাঁদের নতুন ছবি প্রকাশ করেছে বিক্রম।
সোমবার সকালে ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো জানিয়েছে, চন্দ্রযান-৩ এর ল্যান্ডারটি বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় ছয়টায় চাঁদে অবতরণের কথা থাকলেও সেটি অবতরণের জায়গা খোঁজা শুরু করেছে এবং বিপদ শনাক্তকরণ ও পরিহারকরণ ক্যামেরা দিয়ে ছবি তোলা শুরু করেছে।
ইসরো জানিয়েছে, ওই ক্যামেরার পাঠানো সাদা-কালো ছবি থেকে তারা নিরাপদ অবতরণের জায়গা খুঁজে পাবেন। বড় পাথর কিংবা গভীর খাদ এড়িয়ে অবতরণ করতে চাইছে বিক্রম।
চাঁদের দক্ষিণ মেরুর অবস্থান পৃথিবী থেকে সবচেয়ে বেশি দূরে। এটাকেই চাঁদের অন্ধকারতম স্থান বেলে মনে করা হয়। কারণ এই অঞ্চল নিয়ে মানুষের জানাশোনা কম। বিজ্ঞানীদের ধারণা এই অঞ্চলে হিমায়িত পানি কিংবা মূল্যবান খনিজ থাকতে পারে।





















