।।নিজস্ব প্রতিবেদক।।
স্কুল, কলেজ, স্কুল অ্যান্ড কলেজের ওয়েবসাইটে তথ্য হালনাগাদ রাখার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। এছাড়া যেসব প্রতিষ্ঠানের ওয়েবসাইট নেই তাদের নতুন ওয়েবসাইট তৈরি করতে বলা হয়েছে। রোববার মাউশি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কিছু সংখ্যক প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট নেই এবং অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট থাকলেও হালনাগাদ নেই। প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইটে প্রতিষ্ঠান পরিচিতি, প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি ও স্বীকৃতি, শ্রেণি ও লিঙ্গভিত্তিক শিক্ষার্থীর তথ্য, শ্রেণিভিত্তিক অনুমোদিত শাখার তথ্য, পাঠদান সংক্রান্ত তথ্য (রুটিন পাঠ্যসূচি, বিবিধ নোটিশ ইত্যাদি), এমপিও ও জাতীয়করণের তথ্য (প্রযোজ্য ক্ষেত্রে), প্রতিষ্ঠানের ফোন বা মোবাইল নম্বরসহ যোগাযোগের ঠিকানা, প্রতিষ্ঠান প্রধানসহ সব শিক্ষক-কর্মচারীর তথ্য, ব্যবস্থাপনা কমিটির তথ্য হালনাগাদ রাখতে হবে।
এতে আরও বলা হয়, আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট তৈরি বা হালনাগাদকরণ এবং প্রতিষ্ঠানের ওয়েবসাইটের ওয়েব ঠিকানা মাউশির EMIS এর IMS মডিউলে (www.emis.gov.bd) দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।





















