।।নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি।।
বগুড়ার নন্দীগ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, জাসদ, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, পৌরসভা, কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিস, মহিলা আওয়ামী লীগ, জাতীয় মহিলা সংস্থা, সরকারি মহিলা কলেজ সহ বিভিন্ন সামাজিক সংগঠন।
দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবিবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ও যুব ঋণের চেক বিতরণ করেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন।
দুপুর ১২টার দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবি ও সাধারণ সম্পাদক মেয়র মো. আনিছুর রহমানের নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি শোক র্যালি বের করা হয়। এরআগে নন্দীগ্রাম পৌর আওয়ামী লীগের সভাপতি মো. বকুল হোসেনের নেতৃত্বে বাসস্ট্যান্ড থেকে একটি শোক র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা আওয়ামী লীগের র্যালিতে যোগ দেয়। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অন্যদিকে কোরআন খতম, দোয়া মাহফিল ও আলোচনা সভা আয়োজন করেন উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মাহফুজা চৌধুরী। এছাড়া থালতা-মাঝগ্রাম ইউনিয়ন পরিষদ হলরুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মতিন।






















