।।নিজস্ব প্রতিবেদক।।
সাভারের আশুলিয়ায় পোশাক শ্রমিক নবদম্পতি আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ ও নিহতের স্বজনরা। সোমবার সকালে আশুলিয়ার গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতাল ও সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। পরে আশুলিয়া থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতরা হলেন- (স্বামী) মৃদুল ইসলাম (১৯) জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার নজরুল ইসলামের ছেলে এবং (স্ত্রী) মারুফা আক্তার মুন্নীর (১৯) দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার গোবিন্দপুর গ্রামের আব্দুল মান্নানের মেয়ে। মুন্নীর বাবা আব্দুল মান্নান জানান- চার মাস আগে পারিবারিকভাবে বিয়ে হয় মুন্নী ও মৃদুলের। তারা ঢাকায় এসে গার্মেন্টেসে চাকরি নেয়। তারপর তাদের মধ্যে কোনো ঝামেলা হয়েছে কি’না তা তিনি জানেন না।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল মোল্লা জানান- মৃদুল ও মুন্নী দম্পতির চার মাসে আগে পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের মধ্যে প্রেমের সম্পর্কও ছিল। তারা ধলপুর এলাকায় ভাড়া বাসায় থেকে দুজনেই স্থানীয় পোশাক কারখানায় কাজ করতেন। গতকাল রোববার বিকেল ৩টার দিকে দুজনেই বাইরে থেকে এসে ভাড়া বাসায় অসুস্থ্য হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে। এ সময় প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। স্ত্রী মারুফা চিকিৎসাধীন অবস্থায় আশুলিয়ার গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আর এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় মৃদুলের। পরে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান- দাম্পত্য কলহের জের ধরে বিষপানে এই দম্পতি আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। নিহতদের পরিবারের স্বজনরা থানায় এসেছেন। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করার প্রস্তুতি চলছে।






















