আজ ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ইরানে মুক্ত মার্কিন নাগরিক, ছাড় হবে দ. কোরিয়ায় জব্দ অর্থ

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ১১ আগস্ট ২০২৩ @ ১১:১২ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১১ আগস্ট ২০২৩@১১:১২ পূর্বাহ্ণ
ইরানে মুক্ত মার্কিন নাগরিক, ছাড় হবে দ. কোরিয়ায় জব্দ অর্থ

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

পাঁচ মার্কিন-ইরানি দ্বৈত নাগরিককে মুক্তি দিয়ে ইরান গৃহবন্দি করে রেখেছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। সিয়ামাক নামিজাই, ইমাদ সার্জি এবং মোরাদ তাহবাজ নামে তিনজনের ব্রিটিশ পাসপোর্টও রয়েছে। একজনের আইনজীবী জানিয়েছেন এই তিনজনের পাশাপাশি চতুর্থ আরেক অজ্ঞাত ব্যক্তিকেও মুক্তি দেয়া হয়েছে। এক মার্কিন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছে, পঞ্চম আরেক মার্কিন নাগরিককে ইতোমধ্যে মুক্তি দেয়া হয়েছে।

ওই দ্বৈত নাগরিকদের মুক্তি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র আদ্রিয়েন ওয়াটসন বলেন, উৎসাহব্যঞ্জক পদক্ষেপ হলেও, এসব মার্কিন নাগরিকদের কখনোই গ্রেপ্তার করাই উচিত ছিল না। অবশ্যই, আমরা তাদের যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনার আগ পর্যন্ত থামবো না।

তেহরানের এভিন কারাগার থেকে ওই দ্বৈত নাগরিকদের মুক্তির কথা নিশ্চিত করেছে ইরানের জাতিসংঘ মিশন। তারা জানিয়েছে, ‘তৃতীয় দেশের মধ্যস্ততায়’ ওই চুক্তি হয়। আর এর অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ায় জব্দ করা তহবিল ‘ছাড় করা হবে এবং তা কাতারে স্থানান্তর করা হবে।’ মার্কিন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী দক্ষিণ কোরিয়ায় জব্দ করা ইরানি সম্পদের পরিমাণ প্রায় ছয়শ কোটি মার্কিন ডলার।

বিভিন্ন সময়ে ওইসব দ্বৈত নাগরিকদের আটক করা হয়। এসব নাগরিকদের মুক্ত করতে বেশ কয়েক বছর ধরে আলোচনা চলছে। মূলত বন্দি বিনিময় নিয়ে এসব আলোচনা চলে। মার্কিন এবং পশ্চিমা কারাগারগুলোতে আটক ইরানিদের মুক্তির পাশাপাশি ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিল নিয়েও আলোচনা হয়।

ওই আলোচনার সঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলেছে, মার্কিন নাগরিকদের ইরান ছাড়তে এখনো আরও কয়েক সপ্তাহ লেগে যেতে পারে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, চুক্তির অংশ হিসেবে মার্কিন কারাগারে থাকা ইরানি বন্দিদেরও মুক্তি দেয়া হতে পারে। তবে হোয়াইট হাউস এখনো এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। এমনকি এসব নাগরিককে মুক্ত করতে তেহরানকে কোন প্রস্তাব দেয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ