আজ ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

৫০ বছরে প্রথম চাঁদে মহাকাশযান পাঠালো রাশিয়া

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ১১ আগস্ট ২০২৩ @ ১০:০৮ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১১ আগস্ট ২০২৩@১০:১২ পূর্বাহ্ণ
৫০ বছরে প্রথম চাঁদে মহাকাশযান পাঠালো রাশিয়া

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

প্রায় ৫০ বছর পর ফের চাঁদে মহাকাশযান উৎক্ষেপণ করেছে রাশিয়া। এর মাধ্যমে ভারতের সঙ্গে মহাকাশ প্রতিযোগিতায় জড়িয়ে পড়লো দেশটি। চলতি মাসে ভারতেরও একটি মহাকাশযান চাঁদে অবতরণের কথা রয়েছে।

১৯৭৬ সালের পর প্রথমবারের মতো শুক্রবার লুনা-২৫ নামে মহাকাশযানটি উৎক্ষেপণ করে। ১৯৭৬ সালে সোভিয়েত ইউনিয়নের অংশ হিসেবে চাঁদে মহাকাশযান পাঠায় রাশিয়া। শুক্রবারের উৎক্ষেপণে ইউরোপিয়ান মহাকাশ সংস্থার সহায়তা নেয়নি মস্কো। ইউক্রেনে আগ্রাসন শুরুর পর রাশিয়ার সঙ্গে সহযোগিতা ছিন্ন করে ইউরোপের মহাকাশ সংস্থা।

রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমস-এ সম্প্রসারিত সরাসরি ছবিতে দেখা গেছে, শুক্রবার মস্কোর স্থানীয় সময় ভোর ২:১০ মিনিটে পূর্বাঞ্চলীয় ভস্টোচনি কসমোড্রোম থেকে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। চার পা-ওয়ালা প্রায় আটশ কেজি ওজনের ল্যান্ডারটির পাঁচ দিনে চাঁদের কক্ষপথে পৌঁছানোর কথা। এরপর চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের সঠিক জায়গা খুঁজতে এটি তিন থেকে সাতদিন সময় নেবে।

রসকসমস এর সিনিয়র কর্মকর্তা আলেক্সান্ডার ব্লোখিন সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘ইতিহাসে প্রথমবারের মতো চাঁদের দক্ষিণ মেরুতে কোনো মহাকাশযান নামতে যাচ্ছে। এখন পর্যন্ত সবাই নিরক্ষীয় অঞ্চলে অবতরণ করেছে।

আশা করা হচ্ছে ল্যান্ডারটি চাঁদের পৃষ্ঠে আগামী ২৩ আগস্ট অবতরণ করবে। প্রায় একই সময়ে অবতরণের কথা রয়েছে গত ১৪ জুলাই উৎক্ষেপণ করা ভারতীয় মহাকাশযানটিরও। উভয় দেশই চাঁদের দক্ষিণ মেরুতে মহাকাশযান নামাতে চায়। তবে এই অঞ্চলে কোনো মহাকাশযান সহজে নামেনি। চাঁদে অবতরণ করতে এখন পর্যন্ত সক্ষম হয়েছে তিন দেশের সরকার- সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এবং চীন।

রসকসমস বলেছে, মহাকাশযানটি এক বছর ধরে পরিচালনা করা হবে। আর এটি মাটির নমুনা সংগ্রহ করে চাঁদের পৃষ্ঠের উপাদান এবং আবহাওয়া বিষয়ে দীর্ঘমেয়াদি বৈজ্ঞানিক গবেষণা চালাবে। সংস্থাটি বলছে, রাশিয়া দেখাতে চায় তারা চাঁদে যেকোনো কিছু পাঠাতে সক্ষম এবং চাঁদের পৃষ্ঠে রাশিয়ার প্রবেশ নিশ্চিত করতে চায়।

ইউক্রেনে আগ্রাসনের জেরে নিষেধাজ্ঞার জেরে পশ্চিমা প্রযুক্তি পাওয়া রাশিয়ার জন্য কঠিন হয়েছে। এতে তাদের মহাকাশ কার্যক্রম প্রভাবিত হচ্ছে। প্রাথমিকভাবে পরিকল্পনা ছিল লুনা-২৫ ছোট একটি রোভার বহন করবে তবে মহাকাশযানের নির্ভরতা বাড়াতে ওজন কমানোর স্বার্থে সেই পরিকল্পনা পরে বাদ দেয়া হয়।

এর আগে রাশিয়ার সবশেষ মহাকাশ অবতরণের চেষ্টা ২০১৬ ও ২০১১ সালে ব্যর্থতায় শেষ হয়।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ