।।নিজস্ব প্রতিবেদক।।
বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে জিজ্ঞাসাবাদের পর এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী ফুটবল লীগের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার বেলা সোয়া ১২টায় সংস্থার অনুসন্ধান কর্মকর্তা উপপরিচালক মো. ইয়াছির আরাফাত দুদকের প্রাধন কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন। তার বিরুদ্ধে ক্লাবসহ বিভিন্ন খাত থেকে অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদের অভিযোগ রয়েছে। এর আগে গত মঙ্গলবার আবু নাঈম সোহাগকে জিজ্ঞাসাবাদ করে দুদক।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি বছরের ১৪ এপ্রিল দুর্নীতির প্রমাণ পেয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে দুই বছরের জন্য সব ধরনের ফুটবল কার্যক্রম থেকে নিষিদ্ধ করে ফিফা। একইসঙ্গে তাকে প্রায় ১২ লাখ টাকা জরিমানা করা হয়। ওই সময় বাফুফের ঊর্ধ্বতন অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসে। অন্যদিকে, বাফুফের ঊর্ধ্বতন কর্তাদের দুর্নীতির বিষয়ে অনুসন্ধানের জন্য গত ৩ মে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সুমন এক রিট করেন। এর পরিপ্রেক্ষিতে ১৫ মে হাইকোর্ট দুর্নীতির বিষয়টি অনুসন্ধানের জন্য দুদকসহ সংশ্লিষ্টদের নির্দেশন দেন। হাইকোর্টের ওই নির্দেশনার পরিপ্রেক্ষিতে দুদক অনুসন্ধান শুরু করে।
দুদক জানায়, হাইকোর্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে জিজ্ঞাসাবাদ করা হয়। একই ধরণের অভিযোগে গতকাল বুধবার জিজ্ঞাসাবাদ করা হয় মাহফুজা আক্তার কিরণকে। তার বিরুদ্ধে ক্লাবসহ বিভিন্ন খাত থেকে অর্থ আত্মসাৎ ও ঢাকায় ফ্ল্যাটসহ অবৈধ সম্পদের অভিযোগ রয়েছে।






















