রায়হান পারভেজ
শেরপুর (বগুড়া) প্রতিনিধি।।
কৃষি জমি থেকে পানি নিষ্কাশনের ড্রেন ও কালভার্ট মাটি দিয়ে ভরাট করায় পানিতে নিমজ্জিত শতবিঘা আবাদি কৃষিজমি। ঘটনাটি ঘটেছে বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের কাশিয়াবালা গ্রামে।
সরজমিনে গিয়ে দেখা যায়, বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের কাশিয়াবালা গ্রামের প্রভাবশালী মৃত ইউসুফ উদ্দিনের পুত্র মোঃ নজরুল ইসলাম কর্তৃক কৃষি জমি থেকে পানি নিষ্কাশনের ড্রেন মাটি দিয়ে ভরাট ও কালভার্টের মুখ বন্ধ করে দেয়ায় একদিনের বৃষ্টিতেই নিমজ্জিত হয়েছে ফলনসহ শতবিঘা আবাদি জমি। এতে উক্ত জমিতে রোপন করা ধানের চারা, আখ ক্ষেত ও আগাম জাতের শীতের সবজি বাগান। পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করার জন্য ইউএনও মহোদয়ের নিকট একটি আবেদন করেছে ভুক্তভোগীরা।
ভুক্তভোগী কৃষক মৃত নেওয়াজ এর পুত্র আঃ সামাদ বলেন, তিন বিঘা জমিতে বেগুন চাষ করেছেন। এই পানি বেঁধে থাকার কারণে ফুল আসা বেগুন গাছগুলো মরে যাবে। এতে তার প্রায় লক্ষাধিক টাকার সমপরিমাণ ক্ষতি হবে। কৃষক মৃত সদর আলীর পুত্র জাবেদ আলী বলেন, তিনি দুই বিঘা জমিতে বেগুন ও আখ চাষ করেছেন, বৃষ্টির পানি বের হতে না পারায় বেগুন গাছগুলো চুপসে গেছে, আখগুলো মাটিতে শুয়ে পড়েছে ।
এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানা এর নিকট জানতে চাইলে তিনি বলেন, একটি আবেদন পেয়েছি সরজমিনে গিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।






















