।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।
মস্কো অভিমুখে যাওয়া দুইটি সশস্ত্র ড্রোন ভূপাতিত করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। শহরের মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, বুধবার ভোরে শহরের দক্ষিণাঞ্চলে ডোমোদেদোভো এলাকায় একটি ড্রোন ভূপাতিত করা হয়। আর অপরটি পশ্চিমে মনিস্ক মহাসড়কে ভূপাতিত করা হয়।
টেলিগ্রাম চ্যানেলে এক পোস্টে হামলাকারীদের নাম উল্লেখ না করেই মেয়র বলেন, এই মুহূর্তে ধ্বংসাবশেষ পড়ে কোনো হতাহতের তথ্য নেই। ঘটনাস্থলে জরুরি কর্মীরা কাজ করছেন বলেও জানান তিনি।
রাশিয়ার রাষ্ট্রায়ত্ব বার্তা সংস্থা তাস জানিয়েছে, মস্কোয় হামলা চালাতে চাওয়া দুইটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
এনিয়ে গত এক সপ্তাহে তিনবার মস্কোয় ড্রোন হামলার চেষ্টা চালানো হয়েছে। গত রবিবার পোডোলস্কি জেলায় ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়। আর সোমবার কালুগা এলাকায় ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে রুশ কর্মকর্তারা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত সপ্তাহে তারা সাতটি ড্রোন ভূপাতিত করেছে।




















