।।স্পোর্টস ডেস্ক।।
টটেনহ্যাম হটস্পারের ব্রিটিশ তারকা হ্যারি কেনের দলবদল নাটক নতুন মোড় নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইংল্যান্ড অধিনায়ককে পেতে চায় বেশ কিছু ক্লাব। কিন্তু এই মৌসুমটি টটেনহ্যামেই কাটাতে হতে পারে কেনকে! স্পার্স চেয়ারম্যান ড্যানিয়েল লেভি বায়ার্ন মিউনিখের বেঁধে দেওয়া সময়ের মধ্যে একটি চুক্তিতে আসতে রাজি না হওয়ায় এমনটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আগামী জুনে এই সেন্টার ফরোয়ার্ডের সঙ্গে স্পার্সদের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে।
কয়েক সপ্তাহ ধরে বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। যার ধারাবাহিকতায় মিউনিখ জায়ান্টরা এরই মধ্যে তার সঙ্গে চুক্তির শেষ সময় নির্ধারণ করে দিয়েছিল শুক্রবার মধ্যরাত পর্যন্ত। কিন্তু টটেনহ্যাম তা অগ্রাহ্য করেছে বলে ধারণা করা হচ্ছে।
দ্য ডেইলি মেইলের রিপোর্ট অনুযায়ী এই গ্রীষ্ম টটেনহ্যামেই কাটাতে যাচ্ছেন ৩০ বছর বয়সী হ্যারি কেন।
ফলে পরের জুনে বিনা ট্রান্সফার ফিতেই তিনি অন্য ক্লাবে যেতে পারবেন। রিপোর্টে বলা হয়, গত শুক্রবার বায়ার্ন ৮৬ মিলিয়ন পাউন্ডের চূড়ান্ত প্রস্তাবনা টটেনহ্যামের কাছে উপস্থাপন করেছে। তবে টটেনহ্যাম পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, শুরু থেকে প্রস্তাবিত ১০০ মিলিয়ন পাউন্ডের কমে তারা আলোচনাতেই যাবে না।
রিপোর্টে আরো বলা হয়, এই মুহূর্তে ১০০ মিলিয়ন পাউন্ডে কেনকে দলে ভেড়ানোর জোরালো কোনো উদ্যোগও বায়ার্নের মধ্যে দেখা যাচ্ছে না।
তা ছাড়া দুই সপ্তাহের পারিবারিক ছুটি কাটাতে এখন যুক্তরাষ্ট্র সফরে আছেন স্পার্স চেয়ারম্যান ড্যানিয়েল লেভি। ফলে কেনের টটেনহ্যামে থেকে যাওয়ার বিষয়টি আরো পাকাপোক্ত হয়েছে। এখান থেকেই হয়তো আগামী সপ্তাহে প্রিমিয়ার লিগ শুরু করতে যাচ্ছেন হ্যারি কেন।





















