।।বিনোদন ডেস্ক।।
ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে ১১তম জাগরান ফিল্ম ফেস্টিভাল (জেএফএফ)। আজ শনিবার (৫ আগস্ট) সেই ফেস্টিভালে ওয়ার্ল্ড প্রিমিয়ার হচ্ছে সাজ্জাদ খান পরিচালিত চলচ্চিত্র ‘কাঠগোলাপ’-এর। এর আগে সিনেমাটির পোস্টার উন্মোচন করা হয় কান চলচ্চিত্র উৎসবে। তবে এখনো সিনেমাটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়নি।
চলচ্চিত্র ও নাট্য প্রযোজক মো. ফরমান আলীর ‘কাঠগোলাপ’ মুক্তির আগেই বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে অংশ নিচ্ছে। আজ সন্ধ্যায় জেএফএফ উৎসবে ভারতীয় স্থানীয় সময় সন্ধ্যা ৬.৪৫ মিনিটে ৩ নম্বর মিলনায়তনে প্রদর্শন করা হবে ‘কাঠগোলাপ’ সিনেমাটি।
মো. ফরমান আলী জানান, “এটা খুবই ইতিবাচক সংবাদ। আমরা চেষ্টা করব বিভিন্ন ফেস্টিভালে অংশগ্রহণ করতে।
সবার সহযোগিতা পেলে অনুপ্রাণিত হবে ‘কাঠগোলাপ’ টিম। আমার এই সিনেমাটি পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের লক্ষ্যে ইতিমধ্যে বেশ কিছু উৎসবে এন্ট্রি করা হয়েছে। আমার বিশ্বাস, ‘কাঠগোলাপ’ দেশ-বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশি চলচ্চিত্রের ভাবমূর্তি ও সুনাম বৃদ্ধি করবে।”
সিনেমাটির প্রধান চারটি চরিত্রে অভিনয় করেছেন কেয়া, রাশেদ মামুন অপু, মেঘলা মুক্তা এবং দিলরুবা দোয়েল।
আরো অভিনয় করেছেন সাবরিনা সুলতানা কেয়া, সুজন হাবিব, এ কে আজাদ সেতু, জামশেদ শামীম, কুন্তল বিশ্বাস প্রমুখ।
ড্রিমল্যান্ড এন্টারটেইনমেন্টের ব্যানারে সিনেমাটি পরিচালনা করেছেন সাজ্জাদ খান। এর কাহিনি ও চিত্রনাট্য রচনা করেছেন অপূর্ণ রুবেল। চিত্রগ্রহণে ছিলেন নাহিয়ান বেলাল।





















