আজ ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৯ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

কখনো ভাবিনি এমন সুযোগ পাব : টোটা রায়চৌধুরী

  • In বিনোদন
  • পোস্ট টাইমঃ ৬ আগস্ট ২০২৩ @ ০৮:৫২ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৬ আগস্ট ২০২৩@০৮:৫২ পূর্বাহ্ণ
কখনো ভাবিনি এমন সুযোগ পাব : টোটা রায়চৌধুরী

।।বিনোদন ডেস্ক।।

সম্প্রতি মুক্তি পেয়েছে করণ জোহরের পরিচালনায় ফ্যামিলি ড্রামা চলচ্চিত্র ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। দীর্ঘ সাত বছর পর সিনেমাটির মাধ্যমে পরিচালনায় ফিরেছেন করণ জোহর। আর মুক্তির পরই দর্শকমহলে সিনেমাটি বেশ সাড়া ফেলেছে। প্রশংসিত হচ্ছে করণের পরিচালনা।

সেই সঙ্গে প্রশংসিত হচ্ছেন সিনেমাটির কলাকুশলীরাও। রণবীর-আলিয়া থেকে ধর্মেন্দ্র-শাবানা আজমী, সকলেই ভাসছেন প্রশংসার জোয়ারে। তবে বড় বড় তারকায় ঠাসা চলচ্চিত্রটিতে নজর কেড়েছেন কলকাতার অভিনেতা টোটা রায়চৌধুরী। সম্প্রতি এক সাক্ষাৎকারে টোটা জানালেন, এই সুযোগটা পেয়ে তিনি গর্বিত।
টোটা বলেন, “সিনেমাটিতে কাজ পাওয়াটা ছিল ভাগ্যের ব্যাপার। শানু শর্মা নামে মুম্বাইয়ের বিখ্যাত কাস্টিং ডিরেক্টর, উনি মূলত যশরাজ ফিল্মস কিংবা করণ জোহরের জন্যই কাজ করেন। উনি একদিন আমায় ফোন করেছিলেন। বলেন, ‘এখনই যদি অডিশন দিতে পারেন ভালো হয়।

’ আমি উনাকে চিনতাম, তাই বলি আজ থাক। তখন বললেন, ‘না, আমার এখনই চাই। খুব জরুরি।’ উনি চিত্রনাট্য যেটা পাঠিয়েছিলেন, সেটা রেডি করে পাঠিয়ে দিয়েছিলাম। আধাঘণ্টা বাদে উনি ফোন করে বললেন, ‘খুব ভালো হয়েছে, সবার পছন্দ হয়েছে।
এমনকি করণেরও আপনাকে খুব পছন্দ হয়েছে।’ আমি প্রশ্ন করি, কোন করণ? বললেন, ‘করণ জোহর।’ তখনো আমার বিশ্বাস হয়নি। মানে ‘দ্য করণ জোহর’! উনি উত্তরে বললেন, হ্যাঁ।

করণের সঙ্গে সাক্ষাতের কথা উল্লেখ করে টোটা বলেন, “দুই সপ্তাহ পর আমি মুম্বাই গিয়েছিলাম। এরপর করণ জোহর আমার চরিত্র, চিত্রনাট্য শোনালেন। তারপর জিজ্ঞেস করলেন, ‘আপনি আমার সঙ্গে কাজ করতে রাজি তো?’ আমি শুনে বললাম, ‘কী যে বলছেন! ঈশ্বর আমার প্রার্থনা শুনেছেন, আমি কখনো ভাবিনি এমন সুযোগ পাব!’ তখন করণ বললেন, ‘আমারও খুব পছন্দ হয়েছে। মনে হয় না এর থেকে পারফেক্ট চন্দন চট্টোপাধ্যায় আমি পেতাম!’ ব্যস, সেই শুরু।”

সিনেমাটিতে টোটা রায়চৌধুরীর একটি নাচের দৃশ্য রয়েছে, যা তুমুল প্রশংসা পাচ্ছে। দেবদাসের ডোলা রে গানে নেচেছেন টোটা ও রণবীর সিং। উভয়ের নাচের আইকনিক দৃশ্যটি দর্শকদের কাছে প্রশংসিত হয়েছে। তবে এর জন্য কম পরিশ্রম করতে হয়নি টোটাকে! অভিনেতা জানান, কয়েক মাস নাচের আলাদা আলাদা তালিম নিয়েছেন তিনি।

টোটা বলেন, ‘কলকাতার বিখ্যাত কত্থক শিল্পী পারমিতা মৈত্র কাছে কত্থক শেখা শুরু করি। তারপর মুম্বাইয়ের নিকিতা বনওয়ালিকরের কাছে গিয়ে যেভাবে কোরিওগ্রাফি ছিল, সেভাবে নাচটা তুলেছিলাম। তারপর শেষে বৈভবী মার্চেন্ট নিজে বাকি সব কিছু শুধরে দেওয়ার পর শুটিং শুরু করি। শেষ তিন দিন রণবীর সিংয়ের সঙ্গে রিহার্সাল করেছি।’

করণ জোহরের পরিচালনায় ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং ও আলিয়া ভাট। এ ছাড়া সিনেমাটিতে আরো রয়েছেন শাবনা আজমী, ধর্মেন্দ্র, জয়া বচ্চন, টোটা রায়চৌধুরী, চূর্ণী গঙ্গোপাধ্যায়ের মতো তারকা।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ