।।ঢাবি প্রতিনিধি।।
গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা করার অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। হামলায় মাথা ফেটে গেছে নুরের, জানিয়েছেন গণ অধিকার পরিষদের কয়েকজন নেতা। নূর এখন কাকরাইলের ইসলামি ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি আছেন বলে জানা গেছে।
আজ বুধবার (২ আগস্ট) বিকেলে পূর্বঘোষিত কর্মসূচি পালনে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। পরে তারা মিছিল নিয়ে শাহবাগ থেকে রওনা দেন। তাদের কর্মসূচীর বিষয় ছিলো- বিরোধী রাজনৈতিক দলের নেতকর্মীদের ওপর হামলা, মাদ্রাসা ছাত্র রেজাউল হত্যা এবং বুয়েটের শিক্ষার্থীদের আটকের প্রতিবাদ জানানো।
প্রত্যক্ষদর্শী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, শাহবাগ থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে আসার পথে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের মিছিলে হামলা করে ছত্রভঙ্গ করে দেন।
গণ অধিকার পরিষদ নেতা মাহফুজুল ইসলাম খান জানিয়েছেন, ছাত্রলীগের হামলায় তাদের প্রায় ২৫ থেকে ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন। এদের মধ্যে মেহেদী , রাকিব, আব্দুর জাহেরসহ কয়েকজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন বলে জানিয়েছেন তিনি।
তিনি আরো বলেন, লাঠিসোটা, এসএস পাইপসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ছাত্রলীগ। এতে গণ অধিকার পরিষদ নেতা নুরুলহক নুরের মাথা ফেটে যায়। বর্তমানে নুরুল হক নুর কাকরাইলের ইসলামি ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের এই নেতা।






















