।।স্পোর্টস ডেস্ক।।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বোলিংয়ে বিশ্বরেকর্ড গড়লেন মালয়েশিয়ার ডানহাতি পেসার সিয়াজরুল ইদ্রুস। টি-টোয়েন্টি বিশ্বকাপে এশিয়া পর্বের (বি) বাছাইয়ে প্রথম ম্যাচে আজ চীনের বিপক্ষে ৪ ওভারে ৮ রানে ৭ উইকেট নেন ইদ্রুস। পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই প্রথম কোনো বোলার ইনিংসে ৭ উইকেট নিল। শিকার করা সব ব্যাটারকেই বোল্ড আউট করেছেন ইদ্রুস।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা বোলিং ফিগারের ক্ষেত্রে ইদ্রুস ভেঙেছেন নাইজেরিয়ার পেসার পিটার আহোর বিশ্বরেকর্ড। ২০২১ সালে সিয়েরা লিওনের বিপক্ষে ৩.৪ ওভারে ৫ রানে ৬ উইকেট নিয়েছিলেন পিটার। টি-টোয়েন্টিতে পিটারসহ ১২ জন বোলার ইনিংসে ৬ উইকেট নিয়েছেন। কিন্তু এত দিন সেরা বোলিং ফিগারের মালিক ছিলেন পিটার।
এবার পিটারকে সরিয়ে সবার ওপরে ৩২ বছর বয়সী ইদ্রুস।
আইসিসির পূর্ণ সদস্যের দেশগুলোর মধ্যে টি-টোয়েন্টিতে সেরা বোলিং ফিগার ভারতের পেসার দীপক চাহারের। ২০১৯ সালে নাগপুরে বাংলাদেশের বিপক্ষে ৩.২ ওভারে ৭ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। ইদ্রুসের বিশ্বরেকর্ডের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ১১.২ ওভারে ২৩ রানে অল আউট হয় চীন।
জবাবে ৪.৫ ওভারে ২ উইকেটে ২৪ রান তোলে মালয়েশিয়া। ৮ উইকেটের জয়ে ইদ্রুসের বিশ্বরেকর্ডের ম্যাচ স্মরণীয় করে রাখে মালয়েশিয়া। দেশের জার্সিতে ২৩টি টি-টোয়েন্টিতে ৪৭ উইকেট শিকার ও ২৩ রান করেছেন ইদ্রুস।






















