।।বিনোদন প্রতিবেদক।।
দেশের অন্যতম ব্যান্ড তারকা ‘নগর বাউল’ খ্যাত ‘মাহফুজ আনাম জেমস’ বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। গত ২৪মে সংগীত সফরে গেছেন তিনি। সেখানে এক মাসে ১০রাজ্যে ১০টি শো করার কথা ছিল তার। এই সংগীত সফরে সব মিলিয়ে ২৫টি শোতে পারফর্ম করবেন বলে জানান তিনি। ইতোমধ্যেই ১৮টি শো’তে গেয়েছেন ভক্তদের প্রিয় ‘গুরু’। হাতে আছে আরো সাতটি শো। জানা গেছে, শ্রোতা এবং শো আয়োজকদের আগ্রহের কারণে বদল আনতে হয়েছে সফর শিডিউলে। এক মাসের বদলে তাকে থাকতে হবে দুই মাস সাত দিন। এরপর ১ আগস্ট যুক্তরাষ্ট্র ছেড়ে দেশের পথে বিমানে আসবেন জেমস এবং তার সফরসঙ্গীরা।

জেমসের মুখপাত্র রুবাইয়াত ঠাকুর রবিন গণমাধ্যমে জানান, সবশেষ ৯জুলাই আটলান্টায় শো করেছেন জেমস। এরপর ১৪জুলাই ওয়াশিংটন, ১৫জুলাই ভার্জিনিয়া, ১৬জুলাই সিয়াটেল, ২১জুলাই হিউস্টন, ২৯জুলাই লং আইল্যান্ড, ৩০জুলাই মিশিগান, এমনকি ৩১জুলাইও শো আছে। তিনি আরও জানান- আসছে ৩১জুলাই শো শেষে পরদিনই ১আগস্ট দেশের উদ্দেশে বিমানে উঠবেন তারা। দেশে পৌঁছতে হয়তো ২ বা ৩ আগস্ট হতে পারে। দেশে ফিরেও বিশ্রামের সুযোগ পাবেন না জেমস। কারণ, ৫আগস্ট আবার ঢাকায় শো রয়েছে।
প্রসঙ্গত, জেমসের গাওয়া সর্বশেষ গান প্রকাশিত হয়েছিল গেল ঈদুল ফিতরে। ২১এপ্রিল চাঁদরাতে বসুন্ধরা ডিজিটালে প্রকাশিত গানটির শিরোনাম ‘সবই ভুল’। বিশু শিকদার ও জেমসের লেখা গানটির সুর ও সংগীত করেছেন জেমস নিজেই। সব মিলিয়ে সঙ্গীত গুরু জেমস পার করছেন ব্যস্ত সময়। প্রতিদিন স্টেজ শো’তে চলে যাচ্ছে তার সময়।





















