।।ফুলতলা প্রতিনিধি।।
খুলনা জেলার নগরীর বাইপাস সড়কের এখন বেহালদশা। অনেক ঝুঁকি নিয়ে ছোটবড় যানবাহন চলাচল করে। কয়েক মাস ধরে এ সড়কে সংস্কার কাজ বন্ধ থাকায় দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। এ কারণে যাত্রী ও যানবাহন চালকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। নগরীর জিরোপয়েন্ট থেকে শুরু করে আফিল গেইট বাইপাস রাস্তার শেষ সীমানা পর্যন্ত ২০ কিলোমিটার রাস্তা যান চলাচলের জন্য মোটেও উপযোগী নয়।

এখানকার স্থানীয় লোকজন জানান, এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত যাত্রী ও মালবাহী যানবাহন চলাচল করে। শতাধিক গ্রামের লোকজন এ সড়ক দিয়ে চলাচল করে। এছাড়া বিভিন্ন পণ্যসামগ্রী আনা-নেওয়ার ক্ষেত্রে এ সড়ক ব্যবহার করা হয়। এটি ভারি শিল্প এলাকার যোগাযোগ মাধ্যমের অন্যতম একটি সড়ক। কিন্তু সড়কটি সংস্কার না করায় বিশ কিলোমিটার এলাকাজুড়ে পিচ ও খোয়া সব উঠে গেছে। এমন সড়কে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অনেক সময় সড়কে গাড়ি বিকল হয়ে ঘটছে সড়ক দুর্ঘটনা। ট্রাক চালক আব্দুল কালাম জানান, যানবাহন এ সড়কে চলাচল করার অনুপযোগী হয়ে পড়েছে। শত শত গাড়ি এ রাস্তা দিয়ে চলাচল করে। চালকদের জীবিকা ধারণের অন্যতম সড়ক এটি। সরকার বিভিন্ন জায়গায় সড়ক সংস্কার ও মেরামতের কাজ করছে কিন্তু এ গুরুত্বপর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে মেরামত না করায় এখন সাধারণ মানুষ ও চালকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তার পিচ খোয়া সব উঠে গেছে যার কারনে প্রতিনিয়তই যান্ত্রিক সমস্যা লেগেই থাকছে। বিশেষ করে যানবাহন গুলোর টায়ার নষ্ট হচ্ছে, অধিক পরিমাণে ক্ষয় হয়ে যাওয়ার ফলে দুর্ঘটনার স্বীকার হতে হচ্ছে।
সড়কের কোল ঘেঁষে বিভিন্ন শিল্প কারখানা থেকে শুরু করে ফায়ার সার্ভিস কেন্দ্র সহ বিকেএসপি এর মত নামিদামি সরকারি প্রতিষ্ঠান অবস্থিত। যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ার কারনে চরম ভোগান্তিতে দিন পার করতে হচ্ছে তাদের। এই দুর্ভোগ নিরোশনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছে বিজ্ঞজনেরা।





















