।।নিজস্ব প্রতিবেদক।।
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, দেশের মানুষের মুখের দিকে তাকিয়ে, বৃহত্তর স্বার্থে তিনি (জিএম কাদের) নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা আশা করি, জাতীয় পার্টি নির্বাচন করার জন্য যে সিদ্ধান্তটা নিয়েছে, যে পরিবেশটার জন্য, সেই পরিবেশটা থাকবে এবং সংশ্লিষ্ট মহল সেই ব্যবস্থা করবে। এটা আমাদের আশা থাকল।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) জাতীয় পার্টির বনানীর কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব বলেন চুন্নু।
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, সরকারের কথায় আশ্বস্ত হয়ে নির্বাচনে এসেছি। ভোটের পরিবেশ সুন্দর থাকবে এ আশায় আছি।
তিনি বলেন, ভোটকেন্দ্রে ভোটার আসতে পারলে সংখ্যাগরিষ্ঠতা পাবে জাতীয় পার্টি।
বুধবার সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয় জাতীয় পার্টি (জাপা)। দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু এ তথ্য জানান, জাতীয় পার্টি ৩০০ আসনে নির্বাচনের জন্য প্রস্তুত।
এদিন তিনি বলেন, আমাদের আশ্বস্ত করা হয়েছে নির্বাচন সুষ্ঠু হবে, তাই আমরা নির্বাচনে অংশ নেব। তবে আসন ভাগাভাগি নয়, ৩০০ আসনেই প্রার্থী থাকবে।





















