নাজমুস সাকিব
ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহে আলোচিত রাকিব হত্যা মামলার প্রধান আসামী ইয়াসিন আরাফাত শাওনসহ ৬ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ মামলার আরও দুই আসামী গ্রেফতার করেছে র্যাব-১৪।
শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে আলাদা দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেফতারের তথ্য জানান র্যাব-১৪ এর উপ-পরিচালক (অপারেশন) মো. আনোয়ার হোসেন এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন।
গ্রেফতারকৃতরা হলেন, নগরীর সেহড়া চামড়াগুদাম এলাকার মৃত ইদ্রিস হোসেনের দুই ছেলে মোঃ ইয়াছিন আরাফাত শাওন (৩২), মোঃ মাসুদ পারভেজ (৩৩), সানকিপাড়া এলাকার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে মোঃ আনিছুর রহমান ফারুক (৩৩), চামড়াগুদাম এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে মোঃ মানিক মিয়া (৩২), একই এলাকার মৃত মোকশেদ আলীর ছেলে মোঃ মমিন (৩৩), মৃত আনোয়ার হোসেনের ছেলে মোঃ শান্ত (২০), পুরোহিত পাড়া এলাকার ইদ্রিস আলীর ছেলে মোঃ প্রান্ত (২২), সেহড়া ডিবি রোড এলাকার নাজির মিয়ার ছেলে মোঃ রাহাত (৩০)।
ওসি মো. ফারুক হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে ঢাকা জেলার সাভার আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে হত্যাকান্ডের মূল হোতা শাওনসহ ৬ জনে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে শাওনের বিরুদ্ধে ১৪ টি, তার ভাই পারভেজের বিরুদ্ধে ৬ টি, ফারুকের বিরুদ্ধে ২ টি, মানিক মিয়ার বিরুদ্ধে ৫ টি, মোঃ মমিন এবং মোঃ শান্তর বিরুদ্ধে ৩ টি করে মামলা রয়েছে। আসামিদের আদালতের সোপর্দ করা হয়েছে। মামলার এজাহার নামীয় ও অজ্ঞাতনামা অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার ভোরে ময়মনসিংহের ত্রিশাল উজানভাটিপাড়া এলাকা থেকে মোঃ প্রান্ত ও মোঃ রাহাতকে গ্রেফতার করেছে র্যাব।
গত শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় নগরীর শম্ভুগঞ্জ টোল প্লাজা এলাকায় সাইড দেয়াকে কেন্দ্র করে আসামীদের বহনকারী মাইক্রোবাসের সাথে ট্রাক চালকের ঝগড়া হয়। এসময় স্থানীয়রা ঝগড়া থামাতে এগিয়ে আসলে তাদের উপরও দাড়ালো অস্ত্র দিয়ে হামলা চালায় মাইক্রোবাসের যাত্রীরা। একপর্যায়ে আঃ রাজ্জাক রাকিব (২৫) কে এলোপাথারী ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায় আসামীরা। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রাকিবকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ঘটনায় নিহতের মা মোছাঃ হাসি বেগম বাদী হয়ে শাওন-পারভেজসহ ১৬ জনের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন।





















