আজ ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১০ই সফর, ১৪৪৮ হিজরি

নেত্রকোনায় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৫তম জন্মবার্ষিকী পালিত

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৩ নভেম্বর ২০২৩ @ ০৭:১৮ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৩ নভেম্বর ২০২৩@০৭:১৮ অপরাহ্ণ
নেত্রকোনায় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৫তম জন্মবার্ষিকী পালিত

মো. জিয়াউর রহমান
নেত্রকোনা প্রতিনিধি।।

নেত্রকোনায় দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা সাহিত্যের জননন্দিত কথাসাহিত্যিক, চলচ্চিত্র ও নাট্য নির্মাতা প্রয়াত হুমায়ূন আহমেদের ৭৫তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) সকাল থেকে পৃথক স্থানে দিনব্যাপী এসব কর্মসূচির আয়োজন করে জেলা শহরের স্বেচ্ছাসেবী সংগঠন হিমু পাঠক আড্ডা, জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে হুমায়ূন আহমেদ প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠ ও জেলার দুর্গাপুর উপজেলার হিমু পাঠাগার।

জেলা শহরে সকাল ১১টার দিকে হিমু পাঠক আড্ডার প্রতিষ্ঠাতা সাংবাদিক আলপনা বেগমের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এ সময় ভার্চুয়ালি অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার। পরে জন্মদিনের কেক কাটেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) বিপীন চন্দ্র ও পুলিশ সুপার ফয়েজ আহমেদসহ অতিথিরা। সব শেষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এদিকে হুমায়ূন আহমেদের পিতৃভূমি জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে হুমায়ূন আহমেদ প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান শহীদ স্মৃতি বিদ্যাপীঠ দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করেছে। সকাল ১০টার দিকে বিদ্যাপীঠ প্রাঙ্গণে কোরআন খতমের মধ্য দিয়ে কর্মসূচির শুরু করা হয়। পরে প্রধান শিক্ষক আসাদুজ্জামানের নেতৃত্বে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এরপর হুমায়ূন আহমেদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, জন্মদিনের কেক কাটা, আলোচনা সভা, শিক্ষার্থীদের অংশ গ্রহণে কবিতাপাঠ, চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এছাড়া জেলার দুর্গাপুর উপজেলার হিমু পাঠাগার নানা কর্মসূচির মধ্য দিয়ে হুমায়ূন আহমেদের ৭৫তম জন্মদিন ও পাঠাগারটির প্রথমবর্ষ পূর্তি উদযাপন করে।

শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আসাদুজ্জামান জানান, কুতুবপুর প্রত্যন্ত পল্লী এলাকার একটি গ্রাম। এ গ্রামে কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় সুদীর্ঘকাল থেকে শিক্ষা বঞ্চিত ছিল এই এলাকার মানুষ। তাই হুমায়ূন স্যার তাঁর মা আয়েশা ফয়েজের অনুরোধে এখানে একটি স্কুল প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন এবং অবশেষে ২০০৬ সালে মাত্র ৪৮ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে হুমায়ূন স্যারের স্বপ্নের স্কুল শহীদ স্মৃতি বিদ্যাপীঠ। বর্তমানে স্কুলটিতে ৩৪৭ জন ছাত্রছাত্রী এবং ১৮ জন শিক্ষক কর্মচারী রয়েছেন। প্রতিষ্ঠার এক যুগ পর ২০১৯ সালে বিদ্যালয়টি এমপিওভুক্ত করে সরকার।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ