হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।
ফরিদপুরের সালথায় মায়ের সঙ্গে অভিমান করে সুমা আক্তার (১৭) নামে এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার আটঘর ইউনিয়নের মিরাকান্দী গ্রামে নিজ ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
সুমা আক্তার মিরাকান্দী গ্রামের মো. ফরহাদ মোল্যার একমাত্র মেয়ে। সে বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী।
নিহতের পরিবার ও পুলিশ জানান, সুমা আক্তার খুব রাগী ও জেদি ছিল। কথায় কথায় পরিবারের সাথে ঝগড়া ও মান অভিমানে লিপ্ত হতো। তবে ঝগড়া করে বেশিরভাগ সময়ই নিজ ঘরে দরজা আটকিয়ে ঘুমিয়ে থাকতো সুমা। আবার ঘুম থেকে ওঠে স্বাভাবিক হয়ে যেত। কিন্তু শুক্রবার বিকাল ৪টার দিকে তুচ্ছ ঘটনা নিয়ে সুমা তার মায়ের সাথে ঝগড়া করে ঘরের দরজা আটকিয়ে শুয়ে ছিল। তখন পরিবারের সবাই ভেবেছিল অন্যদিনের মতো আজও সে রাগ করে দরজা আটকিয়ে ঘুমিয়ে আছে।
পরবর্তীতে দীর্ঘ সময় কোনো সাড়াশব্দ না পেয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে আড়ার সাথে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় সুমার মরদেহ দেখতে পান তার পরিবার।
সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) তন্ময় চক্রবর্তী আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, এব্যাপারে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।





















