।।শেরপুর প্রতিনিধি।।
শেরপুরের নালিতাবাড়ীতে ৬৯ বোতল ভারতীয় মদসহ এক কারবারিকে আটক করেছে পুলিশ।
রোববার (১৫ অক্টোবর) সকালে উপজেলার নয়াবিল ইউনিয়নের শেখেরকুড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, ওই কারবারির নাম মো. রুবেল মিয়া (২২)। সে উপজেলার নন্নী পশ্চিমপাড়া এলাকার সোহরাব আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানার এসআই মো. আবু রায়হান, এএসআই মো. সোহরাব হোসেন ও এএসআই মো. বকুল মিয়ার নেতৃত্বে থানা পুলিশের একটি দল নয়াবিল ইউনিয়নের শেখেরকুড়া এলাকার মোমেনা মার্কেটের সামনে অভিযান চালায়। এসময় ৪৫ বোতল এমসি ডোয়েলস ও ২৪ বোতল এসি ব্ল্যাক ব্র্যান্ডের ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ মদসহ রুবেল মিয়াকে আটক করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৯৩ হাজার টাকা।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, এ ঘটনায় নালিতাবাড়ী থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও জানান, জেলা পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবার সার্বিক দিকনির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযানে চলছে।





















