হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।
ফরিদপুরে কোনভাবেই থামছেনা মৃত্যুর মিছিল। জেলার কোথাও না কোথাও প্রায় প্রতিদিনই মারা যাচ্ছে ডেঙ্গু আক্রান্ত হয়ে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে নতুন করে ২’শ ৬২ জন ডেঙ্গু রোগী ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন- ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গার পাড় এলাকার নিখিল সরকারের ছেলে সমীর সরকার (২২), একই উপজেলার গঙ্গাবর্দী এলাকার মো. রাকিবুলের স্ত্রী সানজিদা বেগম (২৭), জেলার বোয়ালমারী উপজেলার বনগ্রাম এলাকার আবু বক্কারের স্ত্রী জয়নব বেগম (৫৫), পাশের সদরপুর উপজেলার যাত্রাবাড়ী এলাকার মো. হযরতের স্ত্রী লাবনী বেগম (২৫) ও কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মৃত শুভ বিশ্বাসের ছেলে মধুসূদন বিশ্বাস (৭৫)।
মৃত্যুর সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো: ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া, গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ২’শ ৬২ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮’শ ১০ জন।
সিভিল সার্জন আরো জানান, ফরিদপুরের হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ৫৩ জন ডেঙ্গু রোগী। জেলায় অদ্যাবধি ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১১ হাজার ০৫ জন। এর মধ্যে ১০ হাজার ১’শ ৪২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।






















