নজরুল ইসলাম দয়া
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি।।
বগুড়ার নন্দীগ্রামে শিশু ধর্ষণের অভিযোগে আব্দুল ওয়াজিব (১৪) নামের এক কিশোরকে আটক করেছে থানা পুলিশ। রোববার দুপুরে তাকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়। সে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের নিনগ্রাম এলাকার শহিদ আলীর ছেলে। এর আগে গত শুক্রবার দুপুরে শিশুকে (৮) ধর্ষণের ঘটনা ঘটে। পরদিন শনিবার রাতে শিশুর বড়ভাই বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
জানা গেছে, কিশোর আব্দুল ওয়াজিবের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল ওই শিশু। ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না। এই সুযোগে টিভি দেখানোর লোভ দেখিয়ে শিশুকে ডেকে ঘরে নিয়ে যায়। সেখানে জোরপূর্বক ধর্ষণ করে কিশোর। পরে শিশুটি বাড়িতে গিয়ে বাবা- মাকে ঘটনাটি জানায়। ওই শিশু একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গেছে।
নন্দীগ্রাম থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, শিশু ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে ধর্ষককে আটক করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।






















