আইয়ুব আলী
নীলফামারী।।
ভারতে পাচারকালে ১৯ কেজি স্বর্ণসহ মোহাম্মদ জুয়েল(৩২) নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। উদ্ধার হওয়া স্বর্ণের দাম প্রায় ১৫ কোটি টাকারও বেশি।
রোববার (১৬ সেপ্টেম্বর) সকাল সোয়া নয়টার দিকে ৫৬ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল আসাদুজ্জামান হাকিমের নেতৃত্বে পঞ্চগড় জেলা সদরের ঘাগড়া এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন ও নগদ ২৪ হাজার ৬৯০টাকা জব্দ করা হয়।
গ্রেফতার জুয়েল পঞ্চগড় জেলা সদরের হাড়িভাসা মধুপাড়া এলাকার আফসার আলীর ছেলে।
বিজিবি নীলফামারী ব্যাটালিয়ন(৫৬ বিজিবি) সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘাগড়া বর্ডার আউটপোস্ট (বিওপি) এর কমান্ডার নায়েক সুবেদার ননী গোপাল পালের নেতৃত্বে প্রধান পাড়ায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৯টি স্বর্ণের বারসহ হাতে নাতে জুয়েলকে গ্রেফতার করা হয়।
৫৬ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল আসাদুজ্জামান হাকিম বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া স্বর্ণসহ অন্যান্য সামগ্রীর মুল্য ১৫ কোটি ১২লাখ ৬১ হাজার ৯৫৮টাকা।
এ ঘটনায় ঘাগড়া বর্ডার আউটপোস্ট পঞ্চগড় থানায় একটি মামলা করে আসামীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।





















