।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।
আগামী অক্টোবরে পরিকল্পিত একটি বাণিজ্য সফর স্থগিত করেছেন কানাডার বাণিজ্য মন্ত্রী ম্যারি এনজি। শুক্রবার এক কর্মকর্তা জানিয়েছেন, এর মধ্য দিয়ে দুই দেশের উত্তেজনাপূর্ণ কূটনৈতিক সম্পর্ক প্রতিফলিত হয়েছে। মাত্র কয়েক দিন আগে দিল্লিতে জি২০ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রীকে তিরস্কার করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
কানাডার বাণিজ্য মন্ত্রী মুখপাত্র শান্তি কোসেনতিনো বলেন, ‘এই মুহূর্তে আমরা ভারতে আসন্ন বাণিজ্য মিশন স্থগিত করছি।’ তবে এর জন্য কোনো কারণ উল্লেখ করেননি তিনি।
জি২০ সম্মেলনের সময় অনেক বিশ্ব নেতার সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে মাত্র সামান্য সময়ের জন্য অনানুষ্ঠানিক বৈঠক করেন তিনি।
ভারতের পাঞ্জাব রাজ্যের বাইরে সবচেয়ে বেশি শিখ জনগোষ্ঠীর বসবাস কানাডায়। দেশটিতে সংগঠিত বহু বিক্ষোভের জন্য ক্ষুব্ধ হয়েছে ভারত।
নেতাদের বৈঠকের পর ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়, তারা বিচ্ছিন্নতাবাদ উসকে দিচ্ছে। ভারতীয় কূটনীতিকদের বিরুদ্ধে সহিংসতা উস্কে দিচ্ছে, কূটনৈতিক প্রাঙ্গণকে ক্ষতিগ্রস্ত করছে এবং কানাডায় ভারতীয় সম্প্রদায় এবং তাদের উপাসনালয়কে হুমকি দিচ্ছে।
শুক্রবার আগের দিকে ভারত জানায় তারা কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা আপাতত বন্ধ রাখছে। এই মাসের শুরুতে কানাডাও একই ধরনের ঘোষণা দেয়।
মাত্র চার মাস আগে ভারত ও কানাডা জানায় এই বছরেই তারা একটি প্রাথমিক বাণিজ্য চুক্তি সই করে ফেলার লক্ষ্য নির্ধারণ করেছে।





















