টিটুল ইসলাম
স্টাফ রির্পোটার।।
লালমনিরহাটের কালীগঞ্জে মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দেওয়ার সন্দেহে বীভৎস নির্যাতনকারী চক্রটির মূল হোতাসহ কয়েকজন আসামি জামিনে মুক্ত হয়ে নির্যাতনের শিকার সেই যুবককে আবারও নির্যাতন করেছেন বলে অভিযোগ উঠেছে। এবার কামড়ে ওই যুবকের কানের একাংশ ছিঁড়ে নেওয়ার পাশাপাশি শ্বাসরোধে হত্যার চেষ্টা চালানো হয়।
গত রবিবার রাতে জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের সীমান্তবর্তী গ্রামে এই ঘটনা ঘটে। দ্বিতীয় দফা নির্যাতনের শিকার ওই যুবককে জেলার কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নির্যাতনের শিকার যুবক জানান, রবিবার রাতেই মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম মিলন ওরফে মিলন শিকদারসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
তবে কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির গতকাল সোমবার সন্ধ্যায় দাবি করেন, এখনো তিনি লিখিত অভিযোগ পাননি।
ভুক্তভোগীর দেওয়া লিখিত অভিযোগে বলা হয়, পূর্বশত্রুতার জেরে রবিবার সন্ধ্যায় বাড়ির পাশে মিলনসহ কয়েকজন ওই যুবকের পথরোধ করে মারধর করতে থাকেন। এক পর্যায়ে মিলন কামড়ে তাঁর কানের একাংশ ছিঁড়ে ফেলেন এবং তাঁকে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালান।
তখন ওই যুবক চিৎকার দিলে কয়েকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এদিকে নির্যাতনের শিকার যুবক হামলা চালিয়েছেন দাবি করে রবিবার রাতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মিলন। তবে গতকাল খোঁজ নিয়ে তাঁকে হাসপাতালে পাওয়া যায়নি।






















