।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।
ইকুয়েডরের ছয়টি কারাগারে জিম্মি হওয়া ৫০ রক্ষী এবং সাত পুলিশ কর্মকর্তাকে মুক্তি দিয়েছেন বন্দিরা। দেশটির কারা কর্তৃপক্ষ এসএনএআই জানিয়েছে, মুক্তি পাওয়াদের চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। তারা সুস্থ রয়েছেন।
কারাগারে অপরাধী চক্রের ক্ষমতা খর্ব করতে উদ্যোগ নেয়ার পর এসব রক্ষীকে অপহরণ করা হয়। রাজধানী কুইটোতে পুলিশ ভবনের কাছে দুটি গাড়ি বোমা বিস্ফোরণের জন্যও এসব অপরাধী চক্রকে দায়ী করা হয়। পুলিশের ধারণা দেশটির একটি বড় কারাগারে অস্ত্র উদ্ধারে পুলিশ অভিযান চালানোর প্রতিশোধ হিসেবে অন্তত একটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। গত বুধবার কারাগারে সহিংসতা ঠেকাতে কোটোপাক্সি কারাগারের তল্লাশি চালায় শত শত সেনা ও পুলিশ সদস্য।
জিম্মিরা মুক্তি পাওয়ার পর ইকুয়েডরের ছয়টি কারাগারের স্বাভাবিক কার্যক্রম ফের শুরু হয়েছে। প্রেসিডেন্ট গিলারমো লাসো শুক্রবার রাতে এক টুইট বার্তায় লিখেছেন, সহিংসতা ঠেকাতে বাড়তি পদক্ষেপ নেয়া হয়েছে।
ইকুয়েডরে মাদক পাচার সংশ্লিষ্ট সহিংসতা ক্রমেই বাড়ছে। এতে দেশটির দুর্বল কারা ব্যবস্থার ওপর চাপ বাড়ছে। সাম্প্রতিক বছরগুলোতে ইকুয়েডরের জনাকীর্ণ কারাগারগুলোতে সহিংসতা শত শত বন্দি নিহত হয়েছে।






















