।।বিনোদন ডেস্ক।।
পরিচালকের খাতায় নাম লেখাতে চলেছেন দক্ষিণের মহাতারকা থালাপতি বিজয়ের ছেলে জেসন সঞ্জয়। নামি প্রডাকশন হাউস লাইকা প্রডাকশনের সাথে তার প্রথম পরিচালনায় চুক্তিবদ্ধ হয়েছেন জেসন। ২৮ আগস্ট প্রডাকশন হাউসটি তাদের সাথে চুক্তিতে সই করার সঞ্জয়ের ছবি শেয়ার করেছে এবং ঘোষণা করেছে যে পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন বিজয়পুত্র।
লাইকা প্রডাকশন সামাজিক মাধ্যম এক্সে (টুইটার) কিছু ছবি শেয়ার করেছে এবং লিখেছে, ‘আমরা জেসন সঞ্জয়কে তার পরিচালনার অভিষেক করাতে পেরে উচ্ছ্বসিত ও গর্বিত।
আমরা তার এগিয়ে যাওয়ার এবং সাফল্য ভরা ক্যারিয়ারের কামনা করি।’
জেসন সঞ্জয় মার্কিন যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র নির্মাণ নিয়ে পড়াশোনা করেছেন। বাবা বড় পর্দার বিখ্যাত তারকা হলেও তিনি অভিনয়ের চাইতে ক্যামেরার পেছনের কাজকেই বেছে নিয়েছেন। এদিকে বিজয়ের ভক্তরা সামাজিক মাধ্যমে বিজয় ও সঞ্জয়কে অভিনন্দন জানিয়েছেন।
পরিচালক হিসেবে সঞ্জয়ের ক্যারিয়ার বিজয়ের মতোই সাফল্যময় হোক, এমন প্রত্যাশাই ব্যক্ত করছেন সকলে।
সম্প্রতি নিজের আসন্ন চলচ্চিত্র ‘লিও’ নিয়ে ব্যস্ত রয়েছেন থালাপতি বিজয়। ‘কাইথি’ ও ‘বিক্রম’ খ্যাত পরিচালক লোকেশ কানাগারাজ পরিচালিত ‘লিও’ একটি অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র। এতে মূল ভূমিকায় অভিনয় করেছেন বিজয়।
আরো থাকছেন সঞ্জয় দত্ত ও ত্রিশা কৃষ্ণান। ১৯ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘লিও’। সিনেমাটি লোকেশ কানাগারাজের সিনেমাটিক ইউনিভার্স, লোকিভার্সের অংশ হবে কি না, তা এখনো নিশ্চিত করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, ‘কাইথি’ ও ‘বিক্রম’-এর সঙ্গে যোগসূত্র থাকবে এটির। ভক্তদের প্রত্যাশাও সেটিই।





















