আইয়ুব আলী
নীলফামারী প্রতিনিধি।।
নীলফামারীতে নিউজ টোয়েন্টিফোরের সাংবাদিক আব্দুর রশিদ শাহকে (৩৮) প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। রোববার (২৬ আগস্ট) রাতে শহরের দক্ষিণ হাড়োয়া টিটিসি এলাকায় মোবাইল ফোনে তাকে প্রাণনাশের হুমকি দেয়।
রাতেই নীলফামারী সদর থানায় নিরাপত্তার জন্য একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।
জিডি’র বিষয়টি নিশ্চিত করে করেছেন নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার। আব্দুর রশিদ শাহ নীলফামারী পৌরসভার মধ্য হাড়োয়া এলাকার ছাবের আলী শাহর ছেলে। তিনি বেসরকারি টেলিভিশন নিউজ টোয়েন্টিফোরের নীলফামারী প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
আব্দুর রশিদ শাহ বলেন, রোববার রাত ৮টা ৫২ মিনিটে আমার মোবাইলে ০১৭৫৫০১৯১৭১৭ এই নম্বর থেকে একটি কল আসে। কলটি রিসিভ করার পর অপর প্রান্তে থাকা একজন আমাকে জিজ্ঞেস করেন, আপনি শাকিল নাকি, তখন আমি বলি যে, আমার নাম শাকিল না। পুনরায় আমাকে শাকিলের কথা জিজ্ঞাস করলে আমি তাকে বলি যে, আমি শাকিল না, আপনার মনে হয় নম্বরটি ভুল হয়েছে। তখন অপর প্রান্তে থাকা আরেক ব্যক্তি আমাকে অকথ্য ভাষায় গালাগালি শুরু করেন। অজ্ঞাত ওই ব্যক্তি আমাকে হুমকি দিতে থাকেন। বলেন ২৪ ঘণ্টার মধ্যে তোকে খুন করে ফেলব। কেউ তোকে বাচাঁতে পারবে না।
তিনি আরও বলেন, এরপর আমাকে নীলফামারীর টিটিসির ওখানে যেতে বলে। আমি আমার বন্ধু মিজানুরসহ সেখানে যাই। রাত ৯টা ৫ মিনিটে আবারও ফোন দিয়ে আমাকে হুমকি দেয়। একপর্যায়ে কল কেটে দেন হুমকিদাতা। পরে আমি আমার সহকর্মী বৈশাখী টেলিভিশনের সুমনকে ঘটনাটি বললে, সে ওই নম্বরে কল দেয়। তখন ফোন রিসিভ করে তাকেও অকথ্য ভাষায় গালাগালি করেন।
ঘটনার সত্যতা জানতে বৈশাখী টেলিভিশনের নীলফামারী প্রতিনিধি ওয়ালি মাহমুদ সুমন জানান, ঘটনা শুনে আমি ফোন দিলে আমাকেও অকথ্য ভাষায় গালাগালি করেন। একজন সাংবাদিকে ফোনে হুমকি দেয়া চিন্তার বিষয়। তাই ঘটনার সাথে জড়িত ব্যক্তিকে দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তি দাবী জানাচ্ছি। এদিকে ঘটনাটি জানাজানি হলে সাংবাদিক মহলে সৃষ্টি হয় ক্ষোভের।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, অভিযোগটি হাতে পেয়েছি। বিষয়ট গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।






















