।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।
ভারতের তামিল নাড়ু রাজ্যের এক ট্রেনের বগিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে মাদুরাই স্টেশনে এই ঘটনায় আহত হয়েছে আরও ২০ জনের বেশি। কর্তৃপক্ষ জানিয়েছে, বগিতে থাকা অবৈধ গ্যাস সিলিন্ডার থেকে এই অগ্নিকাণ্ড ঘটে। উত্তর প্রদেশের লক্ষ্ণৌ থেকে ওই স্টেশনে পৌছায় ট্রেনটি।
অগ্নিকাণ্ডের পর দ্রুত রেলওয়ে কর্মীদের পাশাপাশি উদ্ধার তৎপরতায় যোগ দেয় পুলিশ, ফায়ার ও উদ্ধারকর্মীরা। শনিবার ভোর ৫টা ১৫ মিনিটে আগুন ধরে যাওয়ার প্রায় দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রনে আসে।
কর্মকর্তারা জানিয়েছেন, ব্যক্তিগত পার্টি বগিটি একটি ট্রেনের সঙ্গে মাদুরাই স্টেশনে পৌঁছায়। পরে কোচটি ট্রেন থেকে বিচ্ছিন্ন করে সেখানেই রাখা হয। ওই বগিতে অবৈধ গ্যাস সিলিন্ডার ছিল আর তা থেকেই আগুন ধরে যায়।
ওই বগিটি লক্ষ্ণৌ থেকে ১৭ আগস্ট রওনা দেয়। রবিবার এটির চেন্নাই পৌছানোর কথা ছিল। আর সেখান থেকে এটির লক্ষ্ণৌতে ফেরার কথা ছিল।
ভারতীয় ট্রেন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে যেকেউ ব্যক্তিগত পার্টি বগি বুক করতে পারেন। তবে এই বগিতে কোনো দাহ্য পদার্থ বহন করা যায় না।





















