আজ ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৯ই সফর, ১৪৪৮ হিজরি

নলকূপ মেরামত করতে মিলল গ্যাস, চলছে রান্না

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৩ আগস্ট ২০২৩ @ ০৫:১৩ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৩ আগস্ট ২০২৩@০৬:০৫ অপরাহ্ণ
নলকূপ মেরামত করতে মিলল গ্যাস, চলছে রান্না

নেত্রকোনা প্রতিনিধি।।

পরিবারের পানির চাহিদা পূরণের লক্ষ্যে নিজের বসতবাড়িতে বসানো হয় অগভীর নলকূপ। তবে সম্প্রতি হঠাৎ অকেজো হয়ে পড়ে নলকূপটি। আর সেই অকেজো নলকূপ মেরামত করতে গিয়েই দেখা মিলল গ্যাসের। আর নলকূপের পাইপ দিয়ে নির্গত হওয়া এ গ্যাসেই বর্তমানে চলছে পরিবারটির প্রতিদিনের রান্নার কাজ।

এমন ঘটনাটি ঘটেছে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের ঘনিচা গ্রামের বাসিন্দা নেকবর আলীর বাড়িতে। এ ঘটনার সংবাদ পেয়ে বিষয়টি স্বচক্ষে এক নজর দেখতে এলাকার কৌতুহলী লোকজন প্রতিদিনই ভিড় করছেন নেকবর আলী বাড়িতে।

বুধবার (২৩ আগস্ট) দুপুরে নেকবর আলীর পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, এক সময় পরিবার নিয়ে ঢাকায় বসবাস করতেন নেকবর আলী। গত চার বছর আগে তিনি পরিবারসহ ঢাকা ছেড়ে গ্রামে চলে আসেন। গ্রামে এসে ২৬ শতক জায়গা খরিদ করে সেখানে বসতবাড়ি নির্মাণ করেন। এরপর পরিবারের পানির চাহিদা পূরণের জন্য বাড়িতে একটি অগভীর নলকূপ স্থাপন করেন। কিন্তু নলকূপটি একপর্যায়ে বিকল হয়ে গেলে গত সাত মাস আগে নলকূপের পাইপগুলো উঠিয়ে বাড়ির অন্য স্থানে পুনরায় আরও একটি অগভীর নলকূপ স্থাপন করেন। এ নলকূপের পানি পান করাসহ পরিবারটির রান্নার কাজে ব্যবহার আসছিলেন তারা। সম্প্রতি এই নলকূপটিও বিকল হয়ে যায়। পরে পরিবারের লোকজন তা মেরামতের চেষ্টা করা হয় । কিন্তু নলকূপটির ওপরের অংশ খুলতে গেলেই শোঁ শোঁ শব্দ শুনতে পান এবং একপর্যায়ে নলকূপের পাইপ দিয়ে গ্যাস বের হয়ে আসতে দেখেন তারা। পরে ওই গ্যাসে আগুন জ্বালিয়ে তা পরীক্ষা করেন পরিবারের লোকজন। অবশ্য তা দেখে নলকূপটির মেরামাত কাজও বন্ধ করে দেন। বর্তমানে বিকল নলকূপটির পাইপ দিয়ে বের হয়ে আসা গ্যাসের মাধ্যমে পরিবারটির প্রতিদিনের রান্নার কাজ চলছে।

এছাড়া প্রথম বাড়ির যে স্থানে নলকূপ স্থাপন করা হয়েছিল- সেই জায়গায় দিয়েও বুদবুদ আকারে গ্যাস বের হচ্ছে বলে জানান পরিবারের লোকজন।

এ বিষয়ে নেকবর আলীর বড় ছেলে সাইকুল ইসলাম জানান, আমাদের বাড়ির অকেজো নলকূপটি মেরামত করতে গিয়ে দেখি গ্যাসের মতো বের হচ্ছে। তারপর কৌতুহল বশত: সেই গ্যাসে দিয়াশলাইয়ের কাঠি ধরতে আগুন জ্বলতে থাকে। গ্যাসের বিষয়টি নিশ্চিত হওয়ার পর নলকূপের ওপরের অংশেই হাড়ি বসিয়ে বর্তমানে আমাদের পরিবারের রান্না করার জন্য ব্যবস্থা করে দেই। গত কয়েকদিন ধরে সর্তকতা অবলম্বন করে এ গ্যাস দিয়েই রান্নার কাজ করছে আমার স্ত্রী সাবিকুন নাহার।

তবে এভাবে রান্না করার বিষয়টি নিয়ে যেকোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা করছেন স্থানীয়রা। তারা রাষ্ট্রীভাবে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

এ নিয়ে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামানের সাথে কথা হলে তিনি বলেন, বিকল হয়ে যাওয়া একটি নলকূপের পাইপ দিয়ে গ্যাস নির্গত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থল ফায়ার সার্ভিসের লোকজনকে পাঠানো হয়েছে। তারা বিষয়টি বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা করার পর প্রকৃত বিষয়টি জানা যাবে। তবে বর্তমানে যাতে কোনো রকমের দুর্ঘটনা না ঘটে- সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

বিষয়টি নিয়ে কলমাকান্দা ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার মো. শাহজাহানের সাথে কথা হলে তিনি নলকূপের পাইপ দিয়ে গ্যাস নির্গত হওয়ার ঘটনাটি নিশ্চিত করেন।

তিনি বলেন, আমরা সরজমিনে গিয়ে ঘটনাটি দেখেছি। ৩০ ফুট গভীরতার অগভীর একটি বিকল নলকূপের পাইপ দিয়ে গ্যাস বের হচ্ছে। ওই গ্যাস জ্বালিয়ে ব্যবহার করা যায় আবার ফুঁ দিয়ে নিভিয়ে ফেলাও যায়। এতে পরিবারটির কোনো রকম ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। বিষয়টি বিস্তারিতভাবে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ