।।নিজস্ব প্রতিবেদক।।
নওগাঁয় একটি ডাস্টবিন থেকে ৫-৬ মাসের একটি মানব ভ্রুণ উদ্ধার করেছে পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা। পরে থানা পুলিশ উক্ত ভ্রুনটি নিয়ে যায় পরিক্ষার জন্য।
মঙ্গলবার (২২ আগস্ট) সকাল ১০টার দিকে শহরের পার-নওগাঁ মরছুলা উচ্চ বালিকা বিদ্যালয়ের পাশে ডাস্টবিন থেকে উক্ত ভ্রুনটি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ভ্রণটি নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল বিন আহসান।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা ডাস্টবিন পরিস্কার করার সময় পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় ভ্রুণটি দেখতে পান। তারপর পরিচ্ছন্ন কর্মীরা ভ্রুণটি উদ্ধার করে পৌরসভায় নিয়ে আসে। পরে সেখান থেকে থানা পুলিশ ভ্রুণটি উদ্ধার করে পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠিয়েছে।
উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ মডেল থানার অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসান বলেন, ধারণা করা হচ্ছে উদ্ধার হওয়া ভ্রুণটির বয়স ৫ থেকে ৬ মাস হবে। ভ্রুণটি উদ্ধার করে হাসপাতালে ডিএনএ প্রোফাইল তৈরি করার জন্য প্রেরণ করা হয়েছে। পরিক্ষা শেষে পৌরসভার মাধ্যমে ভ্রুণটি দাফন করা হবে বলেও জানান থানা ওই ভারপ্রাপ্ত কর্মকর্তা।





















