।।বিনোদন ডেস্ক।।
দীর্ঘদিন ধরেই অসুস্থ বিশ্বনন্দিত গায়িকা সেলিন ডিওন। সংগীত জগৎ থেকে আড়ালেই রয়েছেন তিনি। তবে যত সময় যাচ্ছে, সংগীত জগতে ফেরাটাই অনিশ্চিত হয়ে যাচ্ছে গায়িকার জন্য। এমনকি চিরতরে সংগীত ক্যারিয়ার ছাড়তে পারেন বিশ্বখ্যাত এই সংগীতশিল্পী! সম্প্রতি এমনটাই জানালেন গায়িকার ঘনিষ্ঠ একটি সূত্র।
দ্য ন্যাশনাল এনকোয়ারারকে সেই সূত্র জানিয়েছে, স্টিফ পারসন সিনড্রোমে আক্রান্ত ডিওন তার শারীরিক দুর্বলতার কারণে বাড়ি ছেড়ে বাইরে যেতে পারছেন না। ৬০০ দিন হয়ে গেছে সেলিনের জনসমক্ষে কোনো ছবি তোলা হয়নি। তিনি বাজেভাবে আক্রান্ত। বাড়িতেই সময় কাটছে গায়িকার।
তার হাঁটতে সমস্যা হচ্ছে। তার পিঠ কুঁজো হয়ে গেছে এবং পেশির খিঁচুনি মাঝে মাঝে অসহ্য মাত্রায় চলে যাচ্ছে।
ডিওন তার রোগের কারণে চলতি বছরের মে মাসে শো স্থগিত করেছিল বলে জানা গেছে। বর্তমানে, গীতিকার তার বোন লিন্ডার সাথে তার বাড়িতে বসবাস করছেন।
২০২২ সালের ডিসেম্বরে সেলিন ডিওন নিজের অসুস্থতার খবর প্রকাশ্যে আনেন। সেলিন জানিয়েছেন, তিনি বিরল এক অসুখে আক্রান্ত। অসুখটির নাম স্টিফ পারসন সিনড্রম (এসপিএস)। স্নায়ুর খুবই বিরল এক অসুখ এটি। এটিকে একধরনের অটোইমিউন ডিস-অর্ডারও বলেন চিকিৎসকরা।
গায়িকা জানিয়েছেন, গান গাওয়া বা মঞ্চে পারফরম করা তো দূর, তার স্বাভাবিক জীবনই ব্যাহত হয়ে গেছে এর ফলে। সে কারণেই তার গানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় তিনি। গত বছরের ডিসেম্বর থেকেই বিশ্রামে চলে যান গায়িকা।
সেলিনের এই বিরল রোগ সম্পর্কে চিকিৎসকরা জানিয়েছেন, এই রোগে যিনি আক্রান্ত হন তার সারা শরীরের সমস্ত পেশিতে নানা ধরনের টান লাগতে শুরু করে। এমনকি বারবার তিনি উল্টে পড়ে যেতে পারেন, চোট পেতে পারেন। কারণ কোনো পেশির ওপরেই তার আর কোনো নিয়ন্ত্রণ থাকে না।
এর আগে সেলিনের বোন ক্লাউডেট জানিয়েছিলেন, গায়িকার সুস্থতার জন্য সঠিক চিকিৎসা চেষ্টা চললেও এই বিরল রোগের সঠিক ওষুধ খুঁজে পাওয়া কঠিন। চিকিৎসকরা তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন। সেলিনও কঠোরভাবে লড়াই করছেন এই পরিস্থিতির সঙ্গে। সুস্থতার জন্য সব রকম চেষ্টাই করছেন গায়িকা। তিনি এই বিরল রোগের ক্ষেত্রে শীর্ষ গবেষকদের পরামর্শ শুনছেন।
‘টাইটানিক’ সিনেমার বিখ্যাত গান ‘মাই হার্ট উইল গো অন’-এর জন্য সেরা গায়িকা হিসেবে অস্কার পেয়েছিলেন সেলিন ডিওন। বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় এই গায়িকার জীবনে এর আগেও অনেক ঝড় এসেছে। ২০১৪ সালে তার স্বামী রেনে অ্যাঞ্জেলিলের ক্যান্সারের সময় নিজের ক্যারিয়ার থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতি নিয়েছিলেন সেলিন। তার এক বছর পর গায়িকা আবার গানের জগতে ফিরে আসেন। কিন্তু ২০১৬ সালে স্বামী অ্যাঞ্জেলিল ও ভাই ড্যানিয়েল ডিওনের মৃত্যুতে তিনি ফের গানের জগৎ থেকে নিজেকে সরিয়ে নেন। অবশেষে ২০১৯ সালে স্টুডিও অ্যালবাম ‘কারেজ’ নিয়ে প্রত্যাবর্তন করেন গায়িকা। অ্যালবামটিতে তার সঙ্গে আরো গেয়েছেন সিয়া, স্যাম স্মিথ ও ডেভিড গুয়েটার। এবার বিরল ব্যাধিতে পড়লেন গায়িকা। ভক্তরাও প্রত্যাশায় রয়েছেন গায়িকার সুস্থ হয়ে ফিরে আসার।






















