।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।
আমেরিকার তৈরি এফ-১৬ যুদ্ধ বিমান ইউক্রেনে পাঠাতে ডেনমার্ক ও নেদারল্যান্ডসকে অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনীয় পাইলটরা এই বিমান চালানোর প্রশিক্ষণ নেয়া শেষ হওয়ার পরই এই হস্তান্তর করা যাবে। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র বলেছেন, এভাবে নতুন সক্ষমতার পূর্ণ সুবিধা নিতে পারবে ইউক্রেন।
গত বছর থেকে এফ-১৬ যুদ্ধবিমান পাওয়ার চেষ্টায় আছে ইউক্রেন। নেদারল্যান্ডস ও ডেনমার্ক এই বিমান সরবরাহ করতে আগ্রহ দেখালেও উৎপাদক দেশ যুক্তরাষ্ট্রের অনুমতি না পাওয়ায় তা সম্ভব হচ্ছিল না। তবে এবার ওয়াশিংটনের অনুমতি মিললেও রুশ বাহিনীর বিরুদ্ধে এই বিমান ব্যবহার করতে হলে ইউক্রেনকে আরও কয়েক মাস অপেক্ষা করতে হতে পারে।
ধারণা করা হয় নেদারল্যান্ডসের ২৪টি কার্যক্ষম এফ-১৬ বিমান রয়েছে। এগুলো সরিয়ে আরও উন্নত বিমান সন্নিবেশ করতে চায় তারা। এছাড়া ডেনমার্কও তাদের ৩০টির এফ-১৬ বিমানের বহর আধুনিকায়ন করতে চায়।
পরমাণু শক্তিধর রাশিয়ার সঙ্গে উত্তেজনা আরও বৃদ্ধির আশঙ্কায় যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা ইউক্রেনকে এফ-১৬ বিমান দিতে অস্বীকৃতি জানিয়ে আসছিল।






















