।।স্পোর্টস ডেস্ক।।
শুরুর ৮০ মিনিট গোলশূন্য থাকলেও শেষ ১০ মিনিটে হলো ৩ গোল! এই নাটকীয় ম্যাচে সুইডেনকে হারিয়ে নারী বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল স্পেন। সুইডেনকে তারা হারিয়েছে ২-১ গোলে। ম্যাচের ৮১ থেকে ৮৯ মিনিটের মধ্যে গোল তিনটি হয়। এই প্রথমবার বিশ্বকাপের ফাইনাল খেলবে স্পেন।
রবিবার ফাইনালে স্পেনের প্রতিপক্ষ হতে যাচ্ছে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার মাঝে দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দল।
আজ মঙ্গলবার অকল্যান্ডের ইডেন পার্কে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালের স্পষ্ট ফেভারিট ছিল সুইডেন। এই নিয়ে পঞ্চমবারের মতো তারা সেমিফাইনালে উঠেছে। অন্যদিকে তৃতীয় বিশ্বকাপ খেলতে নামা স্পেন সেমিফাইনালে উঠেছে প্রথমবার।
ম্যাচের শুরু থেকেই চাপে ছিল স্পেন। মধ্যমাঠ দিয়ে সুইডেনের আক্রমণের পরিকল্পনায় কাজে দেয়। কিন্তু স্পেনের রক্ষণদুর্গ ভাঙতে পারেনি সুইডেন। পরে স্পেনও আক্রমণে ওঠে।
কিন্তু প্রথমার্ধ ছিল গোলশূন্য।
দ্বিতীয়ার্ধে সমানতালে লড়েছে সুইডেন ও স্পেন। ৮০ মিনিট পর্যন্ত স্কোর লাইনে পরিবর্তন ঘটেনি। অনেকে ধরেই নিয়েছিলেন, নির্ধারিত ৯০ মিনিট সমতায় শেষ হতে যাচ্ছে। কিন্তু ৮১ মিনিট থেকেই পাল্টে যায় ম্যচের চিত্র।
ডান প্রান্ত দিয়ে বল পেয়ে দারুণ গোলে স্পেনকে এগিয়ে দেন ১৯ বছর বয়সী লেফট উইঙ্গার সালমা পারাউয়েলো। ১-০ গোলে এগিয়ে গিয়ে রক্ষণাত্মক হয়ে পড়ে স্পেন। তার পরও ৮৮ মিনিটে স্পেনের গোলবারের জাল কাঁপিয়ে দেন স্ট্রাইকার রেবেকা ব্লমকভিস্ট।
লিনা হার্টিগের পাস থেকে ডান পায়ের শটে গোল করে তিনি স্কোর লাইন ১-১ করে ফেলেন। ম্যাচে ছড়ায় তুমুল উত্তেজনা। যদিও সুইডেনের এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৮৯ মিনিটে মাঝমাঠ থেকে আক্রমণ রচনা করে আবারও গোল আদায় করে স্পেন। তেরেসা আবেলেরার কর্নার থেকে বাঁ পায়ের শটে গোল করেন অধিনায়ক ওলগা কারমোনা। নির্ধারিত ৯০ মিনিট শেষ হওয়ার পর ইনজুরি সময়ে সাত মিনিট যোগ হয়। তবে কোনো পক্ষই আর গোল করতে পারেনি। এতে ২-১ ব্যবধানের অবিস্মরণীয় জয়ে ইতিহাস গড়ে মাঠ ছাড়ে স্পেন।





















