জেএইচ জনি
স্টাফ রিপোর্টার।।
আজ ৮ আগস্ট সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, ৭১’র মহান স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বাঙালির লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যের প্রেরণাদাত্রী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী। সেই মহিয়সী নারী বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অস্বচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন ও আর্থিক অনুদান প্রদান করা হয়।
এই মহিয়সী নারী ১৯৩০ সালের এই দিনে ফরিদপুরের তত্কালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন। শেখ মুজিবুর রহমান দীর্ঘ আপসহীন লড়াই-সংগ্রামের ধারাবাহিকতায় ধীরে ধীরে শুধুমাত্র বাঙালি জাতির পিতাই হননি, বিশ্ব বরেণ্য রাষ্ট্রনায়কে পরিণত হয়েছিলেন। এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তারই সহধর্মিণী, মহিয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব।

মাত্র পাঁচ বছর বয়সে বেগম মুজিব তার পিতা-মাতা দুই জনকেই হারান এবং ১৯৩৮ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুধু সহধর্মিণীই ছিলেন না, ছিলেন সহযোদ্ধা ও কর্ম প্রেরণাদাত্রী। এই ত্যাগী নারী বঙ্গবন্ধু পরিবারের সব দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়ে বঙ্গবন্ধুকে জাতির সেবায় মনোনিবেশ করার সুযোগ করে দিয়েছিলেন। শুধু তা-ই নয়, রাজনীতির নানা দুঃসময়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বঙ্গবন্ধুকে দিয়েছিলেন গঠনমূলক পরামর্শ। তার বলিষ্ঠ ও সময়োপযোগী পরামর্শসমূহ জাতির জীবনে সুফল বয়ে এনেছে, যা জাতীয় ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মোহাম্মদ উল্লাহ, জেলা প্রশাসক, লালমনিরহাট; অ্যাডঃ মতিয়ার রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান, লালমনিরহাট; অ্যাডঃ সফুরা বেগম রুমি (সাবেক এমপি); বিশিষ্ট কবি ও সাহিত্যিক, ফেরদৌসী রহমমান বিউটিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।






















